বর্জ্য ফেলতে সৈকতের বুক চিরে পাইপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে বালু খুঁড়ে পাইপ স্থাপন করে তার মাধ্যমে বর্জ্য নিষ্কাশন করা হচ্ছে। চিংড়ি হ্যাচারির এসব ময়লা-আবর্জনা ও রাসায়নিক বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই অপরিকল্পিতভাবে সাগরে ফেলা হচ্ছে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন। সরেজমিনে দেখা যায়, টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক হ্যাচারি গড়ে উঠেছে। কিন্তু টেকনাফে আটটি চিংড়ি হ্যাচারির বর্জ্য সাগরে ফেলা হচ্ছে। টেকনাফ সৈকতপাড়ে গড়ে ওঠা মেসার্স আল-মনছুর হ্যাচারির ব্যবস্থাপক ও হ্যাচারি সমিতির সাধারণ সম্পাদক এম জি আজম রবু বলেন, ‘সাগরে কোনো রাসায়নিক বর্জ্য ফেলা হচ্ছে না। হ্যাচারির কিছু পাইপলাইন সাগরে পানি নিষ্কাশনের জন্য স্থাপন করা হলেও হঠাৎ করে সেগুলো ভেসে ওঠায় সৈকত এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট হ্যাচারির মালিকদের ভেসে ওঠা পাইপলাইনের বিকল্প ব্যবস্থা নিতে শিগগির বলা হবে।’ উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কায়সার হামিদ বলেন, সাগরের ৪৭৫ প্রজাতির মাছের অস্তিত্ব রয়েছে। ১৩০ প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। মূলত দূষিত পানি সাগরে মেশার ফলে মাছের আবাসন হারিয়ে যাচ্ছে। এতে মাছ বিলুপ্ত হচ্ছে। দূষিত বর্জ্যের কারণে জেলেরাও অসুস্থ হয়ে পড়ছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।সুশাসনের জন্য নাগরিক (সুজন) টেকনাফ শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, হ্যাচারি জোনের রাসায়নিক বর্জ্য সরাসরি সাগরে পরিশোধন ছাড়া অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে। স্থানীয় জেলেদের অনেকে অভিযোগ করে বলেন, হ্যাচারির মালিকেরা বিত্তবান হওয়ায় তাঁরা ইচ্ছামতো কাজ করছেন। হ্যাচারিগুলোর বর্জ্য পরিশোধন না করে সাগরে ফেলা হচ্ছে। দূষিত বর্জ্যের প্রভাবে মাছের আবাসন নষ্ট হচ্ছে। এ পানি শরীরে লাগলে চুলকানি হয়, গা জ্বালাপোড়া করে। স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হ্যাচারির দূষিত বর্জ্যের কারণে মাছ কমে যাচ্ছে। বর্জ্য পরিশোধনের প্রক্রিয়া (ইটিপি) ছাড়া সাগরকে বাঁচানো যাবে না। পরিবেশ অধিদপ্তরের টেকনাফের জীববৈচিত্র্য কর্মকর্তা সাইদ আল শাহীন বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাগরকে বাঁচানোর জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সাগর ও মাছের আবাসস্থল রক্ষা করতে সবার এগিয়ে আসা প্রয়োজন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফ উদ্দিন জানান, হ্যাচারির বর্জ্যগুলো পরিশোধন করে সাগরে ছাড়া প্রয়োজন। কারণ এসব বর্জ্য পরিশোধন করা না হলে মাছের ডিম ও বাচ্চা নষ্ট হওয়ার পাশাপাশি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে বেশি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, বিয়ষটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মৎস্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।