বর্জ্য ফেলে নষ্ট করা হলো ‘সুপেয়’ পুকুরের পানি
বাগরহাটের মংলার বুড়িরডাঙ্গা এলাকায় জেলা পরিষদের একমাত্র ‘সুপেয়’ পানির পুকুরে দুষ্কৃতকারীরা বর্জ্য ফেলেছে। দূষিত পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাছ চাষ করতে না পেরে দৃষ্কৃতকারীরা গত রোববার রাতে পুকুরটিতে গোবর ও মুরগির বিষ্ঠার বস্তা ফেলে বলে জানা গেছে। বর্জ্য ফেলায় পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে লোনা পানির এ এলাকায়। এর ফলে বুড়িরডাঙ্গা ইউনিয়নের সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ এখন সুপেয় পানির সংকটে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ ব্রিটিশ আমল থেকে ‘বুড়িরডাঙ্গা’ নামের পুকুর থেকে পানি সংগ্রহ করে তা পান করছে। গত রোববার রাতে কিছু দুষ্কৃতকারী ওই পুকুরে ৩০ বস্তা গোবর ও মুরগির বর্জ্য ফেলে। পরের দিন পুকুরের পানি পান করলে লোকজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে থাকে। দূষিত পানি পান করে গত দুই দিনে অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। পুকুরে বর্জ্য ফেলার ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ওই পুকুর থেকে পানি নেওয়া বন্ধ করে দিয়েছে। এখন কয়েক হাজার মানুষ সুপেয় পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। বুড়িরডাঙ্গার চৌকিদার মৃণাল, এলাকার বাসিন্দা হিমানী বালা, প্রীতিলতা হালদার, দেবী রানী, মাস্টার দেব ও নাসির হাওলাদার বলেন, দিগরাজবাজার এলাকার কয়েকজন উচ্ছৃঙ্খল তরুণ রোববার রাতে পুকুরটিতে বর্জ্য ফেলে। এ ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গত সোমবার বিকেলে এলাকায় কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভ করেছেন। বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অনির্বাণ হালদার জানান, একটি সংগঠনের নামে কয়েকজন তরুণ ওই পুকুরে মাছ চাষের জন্য বিভিন্ন সময় তাঁর কাছে আসেন। কিন্তু তাঁদের মাছ চাষ করতে না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুকুরপাড় থেকে সংগঠনের ঘরটি উচ্ছেদ করা হবে বলে ইউপি চেয়ারম্যান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপি) মিজানুর রহমান বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।