বর্জ্য-বিড়ম্বনায় নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পৌরসভার আয়তন ছিল ৫২ বর্গকিলোমিটার। সিটি করপোরেশন হওয়ার পর তা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ বর্গকিলোমিটারে। কিন্তু এই বিশাল এলাকার বর্জ্য অপসারণে ট্রাকের সংখ্যা একটিও বাড়েনি। আগে যা ছিল, এখনো তাই-ই আছে, আটটি। এর মধ্যে আবার তিনটি নষ্ট।
এ অবস্থায় ময়লা-আবর্জনা নিয়ে দুর্ভোগে আছেন নগরবাসী। মাত্র পাঁচটি গাড়ি দিয়ে বিশাল এলাকার বর্জ্য অপসারণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে সিটি করপোরেশন।
রংপুর পৌরসভা থেকে সিটি করপোরেশন হয়েছে প্রায় আড়াই বছর। কিন্তু এই দীর্ঘ সময়েও নগরের বর্জ্য অপসারণে বাড়তি কোনো ট্রাক কেনা হয়নি। মাত্র পাঁচটি ট্রাকের সাহায্যে জোড়াতালি দিয়ে চলছে বিশাল এলাকার বর্জ্য অপসারণ। এতে একদিকে যেমন যথাসময়ে সব ময়লা অপসারণ করা যায় না, তেমনি পরিত্যক্ত ময়লা পচে দুর্গন্ধ ছড়িয়ে নাভিশ্বাস উঠে যায় পথচারী ও এলাকাবাসীর।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, নগরের নিউ জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ডাস্টবিনটি ময়লা উপচে পড়ছে। একই এলাকার অন্য একটি ডাস্টবিনেরও একই অবস্থা। এলাকার কয়েকটি স্থানে রাস্তার পাশে পড়ে আছে আবর্জনা।

কয়েকজন এলাকাবাসী জানান, প্রতিদিন বর্জ্য অপসারণ করা হয় না। কখনো তিন দিন, কখনোবা এর চেয়েও বেশি দিন পর বর্জ্য নেওয়া হয়। ফলে বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ায়। রাস্তায় চলাচলে ভোগান্তি পোহাতে হয় লোকজনের। অসহনীয় হয়ে ওঠে গোটা পরিবেশ।
জুম্মাপাড়ার বাসিন্দা এস এম ইয়াসিরের অভিযোগ, একাধিক স্থানে বর্জ্য ফেললেও তা অপসারণে সিটি করপোরেশনের গড়িমসির কারণেই এই হাল।
পালপাড়া-থানা সড়কে গিয়ে দেখা যায় এখানে সেখানে ময়লার স্তূপ। পশুপাখির বিচরণে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে আবর্জনা। গোমস্তাপাড়ায় ডাস্টবিন উপচে ময়লা গিয়ে পড়েছে রাস্তায়। মুন্সিপাড়া সড়কে একটি বাড়ির সামনে দেখা গেছে ময়লার স্তূপ।

এ ছাড়া কেরানীপাড়া স্টাফ কোয়ার্টারের পাশের সড়ক, কেরানীপাড়া পুলিশ অফিসার্স মেসের সামনে, ধাপ এলাকার টিচার্স ট্রেনিং কলেজের সামনের সড়ক, মেডিকেল পূর্ব গেট এলাকার স্টাফ কোয়ার্টারের পেছনের সড়ক এবং মুলাটোল সড়কে আবর্জনা দেখা গেছে। এসব এলাকার মানুষের অভিযোগ, প্রতিদিন বর্জ্য অপসারণ না করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মুলাটোল এলাকার শিক্ষক তৌহিদুল ইসলাম বললেন, ‘আমরা সিটি করপোরেশন পেয়েছি। কিন্তু সেবার ক্ষেত্রে সুযোগ-সুবিধা তেমন বাড়েনি।’
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বিভিন্ন স্থানে ২৫০টি রিং ডাস্টবিন থাকার পরও প্রতিটি পাড়া-মহল্লায় বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলা হয়। এসব বর্জ্য অপসারণে সিটি করপোরেশন কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও ট্রাক স্বল্পতার কারণে প্রতিদিন সিটি করপোরেশনের পক্ষে বিশাল এলাকার বর্জ্য অপসারণ করা সম্ভব হয়ে ওঠে না।
বর্জ্য অপসারণে নিযুক্ত একজন ট্রাকচালক জানান, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তাঁরা প্রতিদিন বর্জ্য অপসারণ করেন। এরপর রাস্তায় লোকসমাগম বেড়ে যায়। ফলে তখন কাজ বন্ধ থাকে। তা ছাড়া সব এলাকার ময়লা প্রতিদিন সরানো সম্ভবও হয় না।

জানতে চাইলে সিটি করপোরেশনের কনজারভেটিভ বিভাগের পরিদর্শক মিজানুর রহমান বলেন, ময়লা আবর্জনা সরাতে ট্রাকের সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্দিষ্ট এলাকার ডাস্টবিনে ময়লা না ফেলে বাসাবাড়ির লোকজন যেখানে-সেখানে ময়লা ফেলছেন। এতেও বর্জ্য অপসারণে বিড়ম্বনা হয়।
সিটি করপোরেশনের প্যানেল মেয়র গোলাম কবির বলেন, আগের যে আটটি ট্রাক ছিল তার তিনটি নষ্ট হয়ে গেছে। এ মুহূর্তে পাঁচটি ট্রাক দিয়ে বর্জ্য অপসারণ চলছে। অর্থ বরাদ্দ না থাকায় নতুন ট্রাক কেনা যাচ্ছে না।