বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আইন অনুসারে কী পদক্ষেপ নিয়েছে, তা তিন মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৪১ ধারা ও তৃতীয় তফসিল অনুসারে সিটি করপোরেশন দুটি বর্জ্য ব্যবস্থাপনায় যেসব পদক্ষেপ নিয়েছে, তা জানিয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রতিবেদন দিতে হবে। ১৯ মে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আদেশের পাশাপাশি আদালত রুল দেন। আইন অনুসারে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার ও পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। গতকাল তিনি নিজেই আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।