খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গতকাল রোববার ‘উন্নয়নশীল দেশগুলোর পৌর বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জার্মানির ওয়েমার বা’হস বিশ্ববিদ্যালয় ও অরবিট অ্যাসোসিয়েশনের অধ্যাপক ইকার্ড ক্রাফট, ইতালির প্যাডোভা ইউনিভার্সিটির অধ্যাপক রাফায়েলো কসু।দেশের বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট, কারিগরি ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে নতুন নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে কুয়েটে দ্বিতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা প্রকৌশলী, প্রযুক্তিবিদ, গবেষক ও শিক্ষাবিদেরা প্রবন্ধ উপস্থাপন করবেন।কুয়েট আয়োজিত এই সম্মেলনে সহযোগিতা করছে জার্মানির ওয়েমার বা’হস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব প্যাডোভা ইতালি, ইন্টারন্যাশন্যাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপ (আইডব্লিউডব্লিউজি) ও অরবিট অ্যাসোসিয়েশন।