রাজধানীর কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা-সংলগ্ন পান্থকুঞ্জে পার্কের অংশবিশেষে বর্জ্য ব্যবস্থাপনা স্টেশন নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১১ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
পার্কটির অংশবিশেষে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ওই সাবস্টেশন নির্মাণ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত নভেম্বরে একটি রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে গত ১ ডিসেম্বর হাইকোর্ট রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। পার্কের অংশবিশেষে বর্জ্য ব্যবস্থাপনা স্টেশন নির্মাণে সিটি করপোরেশন অবস্থানগত ছাড়পত্রের কী কী শর্ত পালন করছে এবং কোন কোন শর্ত পালন করেনি, তা জানাতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এরপর পরিবেশ অধিদপ্তর আদালতে প্রতিবেদন দাখিল করে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবেদন অনুসারে অবস্থানগত ছাড়পত্রের কয়েকটি শর্ত ভঙ্গ করা হয়েছে। এতে পার্কের অভ্যন্তরে স্টেশনটি নির্মাণ হচ্ছে বলে প্রতীয়মান হয়। আদালত ওই সাবস্টেশন নির্মাণ বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন।