
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ হচ্ছে আজ সোমবার। তিনি মেয়রের দায়িত্ব নিয়েছেন গত ২৬ জুলাই। এরপর থেকে শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতির জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে।
গত ১ সেপ্টেম্বর থেকে রাতে নগরের ময়লা-আবর্জনা পরিষ্কার শুরু করে সিটি করপোরেশন। গত এক সপ্তাহে নগরের বহদ্দারহাট মোড়, চকবাজার, কাতালগঞ্জ আবাসিক এলাকার ১ নম্বর সড়ক, আতুরার ডিপো, ২ নম্বর গেট, জিইসি মোড়, মেহেদীবাগ সড়ক, তিনপোলের মাথা এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, মেয়রের প্রথম ১০০ দিনে উল্লেখ করার মতো কাজ হয়েছে বর্জ্য ব্যবস্থাপনায়। আগে দু-তিন দিনে একবার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হতো। এখন প্রতি রাতেই ডাস্টবিনগুলো পরিষ্কার করা হয়।
নতুন মেয়রের প্রথম ১০০ দিনের মূল্যায়ন করতে গিয়ে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান প্রথম আলোকে বলেন, ‘মূল্যায়ন করার মতো তেমন কোনো কাজ চোখে পড়েনি। নির্বাচনের আগে তিনি (মেয়র) সিটি করপোরেশন পরিচালনায় সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলেছেন। কিন্তু এ রকম কিছু করেছেন, তা এখনো পর্যন্ত শুনিনি। আশা করি, মেয়র নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, দায়িত্ব পালনের সময় তা পূরণে বিশ্বস্ত থাকবেন।’
তবে মূল্যায়নের জন্য প্রথম ১০০ দিন যথেষ্ট নয় বলে দাবি করছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, করপোরেশনের প্রশাসনিক অবস্থা বুঝতেই প্রথম ১০০ দিন কেটে গেছে। করপোরেশনে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনাকেই প্রধান চ্যালেঞ্জ বলছেন তিনি।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়া মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া। মেয়রের দায়িত্ব নেওয়ার দিনও নগরের বড় একটি এলাকায় জলাবদ্ধতা ছিল।
সিটি করপোরেশন সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা প্রণয়নে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং ১১ অক্টোবর ওয়াসা ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠক করেন মেয়র। এসব বৈঠকে নগরের জলাবদ্ধতা নিরসনে সংস্থাগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়।
প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রসঙ্গে গত শুক্রবার মেয়র কার্যালয়ে আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই সমস্যা দূর করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। স্বল্প মেয়াদে বর্ষা মৌসুম শেষেই নগরের বিদ্যমান নালা-নর্দমা ও খালগুলো পরিষ্কার ও খননের জন্য দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হবে। আর একনেকে অনুমোদন পাওয়া বহদ্দারহাট থেকে বাড়ইপাড়া পর্যন্ত নতুন খাল খনন প্রকল্পের অর্থ ছাড়ের প্রক্রিয়া চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৩৬ কোটি টাকা।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দায়িত্ব নেওয়ার আগে চাক্তাই খাল খননে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিই। খননের ফলে এবার বহদ্দারহাটে জলাবদ্ধতা হয়নি। এবারও খালগুলো খনন করা হবে।’
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে নগরের উন্নয়নে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। এর মধ্যে জাপানি অর্থসহায়তা সংস্থা জাইকার অর্থায়নে ২০০ কোটি টাকা, নগরের রাস্তাঘাট, নালা-নর্দমা সংস্কার, সেতু ও কালভার্ট নির্মাণে ২০০ কোটি টাকা ও বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) অধীনে ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হবে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী প্রথম আলোকে বলেন, নগরের রাস্তাঘাট, নালা-নর্দমা সংস্কার ও উন্নয়ন এবং সেতু ও কালভার্ট নির্মাণে থোক বরাদ্দের আওতায় ১০০ কোটি টাকা ব্যয় করা হবে। এসব কাজের জন্য খুব শিগগির দরপত্র দেওয়া হবে। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় আরও ১০০ কোটি টাকা ব্যয় করা হবে।
আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের নাজুক পরিস্থিতি দেখে হতবাক হয়েছি। একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের অবস্থা এত নাজুক হতে পারে না। নগরবাসীর সেবা নিশ্চিত করতে হলে আগে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এখন এ জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’