
২০০৮ সালে সুলতানগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে যুক্ত হয়। ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিত হয় কাউন্সিলর নির্বাচন। কিন্তু এখনো ওয়ার্ডটির বর্জ্য ব্যবস্থাপনা চিত্র বেহাল। বাসাবাড়ির বর্জ্য নিয়মিত সংগ্রহ করা হয় না। এতে ওয়ার্ডটির অলিগলিতে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে।
সুলতানগঞ্জ ইউনিয়নের ওই দুটি ওয়ার্ড বর্তমানে ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ড। সিরাজনগর, নবীনগর, টেকেরহাটি, জান্নাতবাগ, আমিনবাগ, মঞ্জুরবাগ, হাসাননগর, মুন্সিহাটি, নয়াগাঁও, হজরতনগর, মাহাদীনগর, ঝাউচর, ঝাউচর মডেল টাউন এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। ওয়ার্ডে ভোটারের সংখ্যা প্রায় ৫০ হাজার। জনসংখ্যা তিন লক্ষাধিক। কিন্তু তাদের জন্য ওয়ার্ডটিতে কমিউনিটি সেন্টার, পার্ক, খেলার মাঠ, নগর মাতৃসদন নেই। অন্যদিকে ওয়ার্ডে আছে মশা, মাদকসেবীদের উপদ্রব, গ্যাস-সংকট। এ ছাড়া ওয়ার্ডের রাস্তাঘাটও ভাঙাচোরা।
গতকাল বৃহস্পতিবার এলাকাগুলো ঘুরে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বর্জ্য ব্যবস্থাপনা
গতকাল দুপুর ১২টায় কামরাঙ্গীরচরের পশ্চিম হাসাননগরের একটি চায়ের দোকানে কথা হয় স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন, মো. সবুজ ও হারুণের সঙ্গে। ওয়ার্ডের প্রধান নাগরিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয় ওয়ার্ডের প্রধান সমস্যা। একই কথা বলেছেন জান্নাতবাগের আল আমীন, সিরাজনগরের কামরুল ইসলাম ও নবীনগরের মাহফুজ। তাঁরা ওয়ার্ডে যথেষ্ট পরিচ্ছন্নতাকর্মী না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
আল আমীন বলেন, সিটি করপোরেশনের নির্বাচন হয়েছে আড়াই বছর আগে। কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ডে যথেষ্ট পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়নি। এতে রাস্তাঘাটে আবর্জনা জমে আছে। বাতাসেও ব্যাপক ধুলাবালি ওড়ে। তিনি বলেন, ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো ডাস্টবিন বা কনটেইনার নেই। এতে মহল্লার মানুষ, বাসাবাড়ির বর্জ্য যত্রতত্র ফেলছেন। এর মধ্যে পশ্চিম হাসান নগরে একটি ব্যক্তিমালিকানাধীন পরিত্যক্ত জায়গায় পাঁচ থেকে সাত ফুট উঁচু পরিমাণ বর্জ্য জমে আছে।
গতকাল দেখা যায়, পশ্চিম হাসাননগরের ওই বর্জ্যের স্তূপ ঘেঁষে খেলাধুলা করছে মহল্লার শিশু-কিশোরেরা। অথচ আবর্জনার স্তূপ থেকে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া ওয়ার্ডের সব রাস্তাঘাটে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। কোথাও ওয়েস্টবিন, ডাস্টবিন, কনটেইনার বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন দেখা যায়নি। তবে হাসাননগরে আবু সাঈদ মার্কেটের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে পরিত্যক্ত একটি ওয়েস্টবিন দেখা গেছে। সেটি ছিল আবর্জনায় ঠাসা।
নেই নগর মাতৃসদন
মা-শিশুদের জরুরি সেবা দিতে ডিএসসিসির অধিকাংশ ওয়ার্ডে আছে নগর স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র না থাকায় নাগরিকেরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাই অবিলম্বে এই ওয়ার্ডে একটি নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করার দাবি জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা।
হাসাননগরের বাসিন্দা আলিফুর রহমান বলেন, ডিএসসিসির এই ওয়ার্ডে সরকারি হাসপাতাল নেই। পাশের ওয়ার্ডে (৫৬ নম্বর) একটি থাকলেও সেটি উদ্বোধন হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালের মানও ভালো না। এতে মহল্লার কেউ অসুস্থ হলে বিপাকে পড়তে হয়। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের। তিনি সিটি করপোরেশনের সহায়তায় ৫৫ নম্বর ওয়ার্ডে একটি নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানান।
কমিউনিটি সেন্টার
কামরাঙ্গীরচরে সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই ওয়ার্ডে তিন লক্ষাধিক লোকের বাস। ভাড়াটেরা সাধারণত নিম্নমধ্যবিত্ত। এতে বেসরকারি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করা তাঁদের জন্য কষ্টসাধ্য। তাই এ বিষয়ে সিটি করপোরেশনকেই উদ্যোগ নিতে হবে।
মশার উপদ্রব
কয়েক মাস ধরে ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ড এলাকায় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঝাউচরের বাসিন্দা আবদুল্লা আল মতিন বলেন, ওয়ার্ডের উত্তর পাশে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল। এটি ময়লা-আবর্জনায় ভরা। অন্যদিকে বুড়িগঙ্গা নদী। সেটির পাড়েও ময়লা-আবর্জনা। এ থেকে মশা বাড়ছে। কিন্তু ওয়ার্ডে সিটি করপোরেশনকে মশার ওষুধ ছিটাতে দেখা যায় না। তিনি বলেন, আগে বছরে একবারও মশার ওষুধ ছিটানো হতো না। গত বছর চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ায় কয়েক দিন মশার ওষুধ ছিটাতে দেখা গেছে। এরপর আর তাদের দেখা নেই।
গ্যাস-সংকট
কয়েক বছর ধরে ৫৫ নম্বর ওয়ার্ডে গ্যাস-সংকট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সকাল থেকে বিকেল পর্যন্ত ওয়ার্ডের অধিকাংশ এলাকায় গ্যাস থাকে না। এতে তাঁদের রান্নাবান্না করতে অনেক কষ্ট হয়। বিষয়টি তিতাসকে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।

‘৫০ কোটি টাকা ব্যয়ে সড়ক নর্দমা সংস্কার করেছি’
২০১৫ সালের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন নুরে আলম। গতকাল তাঁর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
প্রথম আলো: আপনার ওয়ার্ডের সব রাস্তাই ময়লা-আবর্জনায় ভরা। এগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না কেন?
কাউন্সিলর: আমার ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী নেই। যে কারণে এই অবস্থা। তবে বিভিন্ন ওয়ার্ড থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িকভাবে আমার ওয়ার্ডে দেওয়া হয়েছে। কিন্তু দিনে গড়ে ১০ থেকে ১২ জন কাজ করেন। বাকিরা ফাঁকি দেন। আগামী ১ জানুয়ারি থেকে আমার ওয়ার্ডে স্থায়ীভাবে ৬০ জন পরিচ্ছন্নতাকর্মী দেওয়ার কথা। তাঁরা সবাই একযোগে কাজ করলে ওয়ার্ড পরিচ্ছন্ন থাকবে।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: একটি নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের বরাবর আবেদন জমা দেওয়া আছে। মেয়র তা অনুমোদন দিলে মহল্লার মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পাবেন।
প্রথম আলো: কমিউনিটি সেন্টার স্থাপনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে?
কাউন্সিলর: আমার ওয়ার্ডে ফাঁকা জায়গা নেই। তাই নাগরিকদের অনেক চাহিদাই পূরণ করতে পারছি না। তারপরও এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ডিএসসিসিতে আবেদন করা হয়েছে।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ আছে।
কাউন্সিলর: আমার ওয়ার্ডের সব পাড়া-মহল্লায় নিয়মিতই মশার ওষুধ ছিটানো হয়। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
প্রথম আলো: গ্যাস-সংকটের সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে?
কাউন্সিলর: গ্যাস-সংকটের বিষয়টি আমি স্থানীয় সাংসদকে জানিয়েছি। তিনি তিতাসকে জানিয়েছেন।
প্রথম আলো: গত আড়াই বছরে আপনার ওয়ার্ডের উল্লেখযোগ্য কী কী উন্নয়নকাজ হয়েছে?
কাউন্সিলর: আমি দায়িত্ব নেওয়ার পর প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওয়ার্ডে ৫০ কিলোমিটারের বেশি সড়ক ও নর্দমা সংস্কার করেছি। কিছু সড়কের সংস্কারকাজ এখনো চলছে। প্রতিটি সড়কে এলইডি বাতি লাগিয়েছি। এটাই আমার বড় সফলতা।