বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসি অত্যন্ত সফল: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন
সাঈদ খোকন

এবারের কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অত্যন্ত সফল হয়েছে বলে দাবি করেছেন মেয়র সাঈদ খোকন। তিনি দাবি করেছেন, পশুর হাটের এলাকা ছাড়া মোটামুটিভাবে ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে তাঁরা সক্ষম হয়েছেন।
আজ রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে সাঈদ খোকন এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে জনগণের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সফলভাবে করতে সক্ষম হয়েছি। এটা একটা চলমান প্রক্রিয়া। এটা চলবে। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে পরিষ্কার হচ্ছে।’ তিনি বলেন, ‘পশুর হাটগুলো ছাড়া নগরীর অলিগলি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছি। পশুর হাটগুলো থেকে আজকেও বর্জ্য অপসারণের চেষ্টা চলছে। আশা করি, রাতের মধ্যে পরিষ্কার করে ফেলতে সক্ষম হব। পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।’ তিনি বলেন, ধারণা করেছি—এবার ১৮ হাজার বর্জ্য উৎপাদিত হয়েছে। এর মধ্যে ১৬ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
নির্দিষ্টস্থানে কোরবানি দেওয়া প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ‘কোরবানির তুলনায় স্থান ছিল নগণ্য। অনেকে সেখানে গিয়ে কোরবানি দিয়েছেন। অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানি দিয়েছেন। যারা নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানি দিয়েছেন তারাও পানি দিয়ে ওই জায়গা ধুয়ে দিয়েছেন। পরিষ্কার করে দিয়েছেন। সর্বস্তরের জনগণের সচেতনতায় এটা করা সম্ভব হয়েছে। এ জন্য শতভাগ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রাপ্য নগরবাসীর।’
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রকিব উদ্দিন ভূঁইয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।