রাজধানীর বেশির ভাগ প্রধান সড়কে দৃশ্যত কোরবানির পশুর বর্জ্য চোখে পড়েনি। বিশেষ কর্মসূচি নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছিল ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ। কমবেশি সেই ঘোষণা বাস্তবায়িতও হয়েছে। তবে রাস্তা থেকে বর্জ্য অপসারিত হলেও সড়ক-অলিগলি থেকে দুর্গন্ধ দূর হয়নি।
গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডি, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় সরেজমিনে ঘুরে কিছুদূর পর পর গরুর গোবর ও বর্জ্যের দুর্গন্ধ পাওয়া যায়। বেশির ভাগ রাস্তায় বর্জ্য পরিষ্কারের পর সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। তবে তাতে দুর্গন্ধমুক্ত হয়নি রাস্তাঘাট।
গত বুধবার ঈদ হলেও বৃহস্পতি ও শুক্রবারও অনেকে কোরবানি দিয়েছেন। বিশেষ করে পুরান ঢাকায় ঈদ-পরবর্তী দুই দিনে অনেক পশু কোরবানি হয়েছে। পরিচ্ছন্নতার দিক থেকে ওই সব এলাকা ছিল অনেকটাই পিছিয়ে।
পুরান ঢাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের পরদিন অনেকে পশু জবাই করে রাস্তায় বর্জ্য ফেলে রেখেছেন। তাঁদের মতে, ঈদের দিন বর্জ্য পরিষ্কারে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের যে আন্তরিকতা ছিল, তা পরের দুই দিন কমে যায়। উল্লেখ্য, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি বাতিল করে এ কাজে লাগানো হয়।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্জ্য ও দুর্গন্ধ গত কয়েক বছরের তুলনায় অনেকটাই কম ছিল। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বেশ তৎপর ছিলেন। বর্জ্য পরিষ্কারের আধুনিক যন্ত্র আর উন্নত মানের যান নিয়ে ঈদের দিন বিকেল থেকে কোরবানির পশু বর্জ্য ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করেন তাঁরা। তবে বিভিন্ন বাসাবাড়ি ও ছোটখাটো গলির ভেতর জবাই হওয়া পশুর বর্জ্য ঠিকঠাকমতো পরিষ্কার হয়নি। তা ছাড়া কোরবানির কাজে ব্যবহার করা খড়, ঘাস ও চাটাই পড়ে থাকতে দেখা যায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা বলেন, সিটি করপোরেশন সব ক্ষমতা কাজে লাগিয়ে বর্জ্য অপসারণের চেষ্টা করেছে। তবে অনেকেই ঈদের পরে কোরবানি দিয়েছেন। ফলে তাঁদের পশুর বর্জ্য নতুন করে দুর্গন্ধ ছড়াতে পারে। এ ধরনের খবর পাওয়া মাত্র তা পরিষ্কার করা হচ্ছে বলে জানান তিনি।
ঈদের দিনও রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা ছিল। কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল সেদিন। নগরবাসীর প্রত্যাশা ছিল, পশুর রক্ত বৃষ্টিতে ধুয়ে যাবে। কিন্তু আকাশ মেঘলা থাকলেও রক্ত ধোয়ার মতো বৃষ্টি হয়নি।
সরেজমিনে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার বেশির ভাগ সড়ক বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা যায়। কিন্তু ১৯ ও ৯/এ নম্বর, ৩, ৪ ও ৫ নম্বর সড়কের দুই পাশে পশুর বর্জ্যের কিছু অংশ পড়ে থাকতে দেখা গেছে। ওই সামান্য বর্জ্যের কারণে পুরো এলাকা দুর্গন্ধময় হয়ে উঠেছিল।
ধানমন্ডি ৯ নম্বর সড়কের বাসিন্দা আরাফাত হোসেন বলেন, সিটি করপোরেশন থেকে বর্জ্য পরিষ্কার করে যাওয়ার পরও অনেকে রাস্তায় বর্জ্য ফেলেছেন। ফলে সেগুলো পুরো এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেকে আবার বাসার বর্জ্য এনে রাস্তায় ফেলছেন। তাঁর মতে, শহর সুন্দর রাখতে পরিচ্ছন্নতাকর্মী ছাড়াও নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মিরপুর রোকেয়া সরণি ধরে এগোলে বেশির ভাগ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা যায়। তবে তালতলা ও মিরপুর ১৩ ও ১৪ নম্বর প্রধান সড়কের অবস্থা ছিল অন্য রকম। সেখানে গতকাল কোরবানির কাজে ব্যবহার করা চাটাই, গোবর ও পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। প্রধান সড়ক থেকে একটু ভেতরের দিকে বাইশটেকি, পলাশনগর ও বাউনিয়া এলাকার সড়কগুলোতে বর্জ্য ও দুর্গন্ধের দাপট ছিল।
তবে পল্লবী, মিরপুর, কাজীপাড়াসহ সংলগ্ন এলাকার বেশির ভাগ সড়ক ছিল পরিষ্কার।
মিরপুর গোলচত্বরের কাছে পথচারী হাসিবুর রহমান বলেন, ‘শহর দৃশ্যত পরিষ্কার হয়েছে, কিন্তু দুর্গন্ধ রয়ে গেছে। কিছুদূর পর পর পশুর উচ্ছিষ্ট পচা প্রকট গন্ধে বমি পায়। নাক চেপেও রেহাই মেলে না।’