বর্জ্য সরাতে বস্তা ও পলিব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির বর্জ্য সরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিনা মূল্যে প্রায় এক লাখ চটের বস্তা ও পচনশীল পলিব্যাগ বিতরণ করবে। ডিএসসিসি প্রতি ওয়ার্ডে চারটি করে মোট ২২৮টি স্থানে বৃষ্টি প্রতিরোধক শামিয়ানা ও ব্যানারও টানাবে। এ ছাড়া কোনো রাস্তা থেকে সময়মতো বর্জ্য সরানো না হলে যে কেউ সিটি করপোরেশনের ওয়েবসাইটে ঢুকে খুদে বার্তা পাঠাতে পারবেন। বার্তা পাওয়ার পরপরই করপোরেশনের লোকজন এসে বর্জ্য নিয়ে যাবে।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল এসব সেবার কথা জানান। তিনি বলেন, কোরবানির পশু জবাইয়ে জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭টি ওয়ার্ডের ৩২৪টি স্থান নির্ধারণ করেছে। নগরের এসব স্থানের বর্জ্য পরিষ্কারের জন্য প্রস্তুত রয়েছেন প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী। ডিএসসিসির বিভিন্ন এলাকা পরিদর্শন করে কোরবানির জন্য এসব স্থান নির্ধারণ করা হয়েছে। স্থানীয়ভাবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা এসব কাজ সমন্বয় করবেন। তবে পরিবেশ সুন্দর রাখতে নগরবাসীর প্রতিও আহ্বান জানান তিনি।
খান মোহাম্মদ বিলাল বলেন, ঈদ উপলক্ষে জনস্বার্থে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সহযোগিতার জন্য ডিএসসিসির ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করা যাবে। এই অভিযোগ সঙ্গে সঙ্গে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তার কাছে চলে যাবে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে বর্জ্য পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন রয়েছেন নারী ও পুরুষ কাউন্সিলররা।
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন বলেন, প্রতিটি ওয়ার্ডে ঈদের দিন ও ঈদের পরদিন নিয়মিত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ১২ জন করে শ্রমিক নিয়োগ করা হবে। প্রতিটি ওয়ার্ডের গলি সড়কগুলোতে ভ্যানগাড়িতে পানির ট্যাংকের মাধ্যমে ১ হাজার ১৫ লিটার জীবাণুনাশক তরল (স্যাভলন) মেশানো পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে, বর্জ্য অপসারণের পর ছিটানো হবে ৩৪১ ড্রাম ব্লিচিং পাউডার।
রকিব উদ্দিন বলেন, প্রধান সড়কগুলোতে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পানি দিয়ে ধৌত করতে ডিএসসিসি, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও বাংলাদেশ সেনাবাহিনী থেকে পাওয়া পানির গাড়ি থাকবে। এ ছাড়া ডিএসসিসির পরিচ্ছন্নতাকাজে ১৩৫টি খোলা ট্রাক, ৭৩টি কনটেইনার ক্যারিয়ার ও ১৭ ডটকম্পেক্টর ব্যবহার করা হবে। ঈদের দিন বেলা দুইটার দিকে মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে পরিচ্ছন্নতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।