বর্জ্য সিটি করপোরেশনের ভোগান্তি পথচারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার রাজবান্ধে দীর্ঘদিন ধরে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) বর্জ্য ফেলছে। বর্জ্য থেকে পড়া পচা পানিতে সয়লাব প্রায় ২০০ ফুট রাস্তা। সড়কে বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। বর্জ্য ও পচা পানির তীব্র দুর্গন্ধ এবং ভাঙাচোরা রাস্তার কারণে লোকজনদের এ সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ।এলাকাবাসী ও খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শহরের বর্জ্য ফেলার জন্য কয়েক বছর আগে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই স্থানে ‘রাজবান্ধ ট্রেন্সিং গ্রাউন্ড’ গড়ে তোলা হয়। তিন-চার বছর ধরে সিটি করপোরেশনের বর্জ্য ওই রাস্তার পাশে বড় বড় স্তূপ আকারে রাখা হচ্ছে। বর্জ্য থেকে পড়া পচা পানি সারা বছর মহাসড়কের ওই এলাকার প্রায় ২০০ ফুট রাস্তায় জমে থাকে। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে না।গত বৃহস্পতিবার ওই এলাকায় গেলে ভ্যানযাত্রী দুই যুবক বলেন, ‘এ বর্জ্য আমাদের সারা বছরের বিড়ম্বনা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিরণ্ময় ও অমলেন্দু বলেন, ‘ময়লা মেখে ও পচা পানির দুর্গন্ধ সয়েই আমাদের প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে।’খুলনা সিটি করপোরেশনের কনজারভেনসি (পরিষ্কার-পরিচ্ছন্ন) কর্মকর্তা আনিচুর রহমান বলেন, রাজবান্ধে খোলা জায়গায় ময়লা ফেলা হয় বলে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতি সপ্তাহে বুলডোজার দিয়ে ময়লা ঠেলে ফেলা হয়। তাই রাস্তায় কিছু পানি জমে। রাস্তার মালিক সড়ক ও জনপথ বিভাগ, মেরামতের দায়িত্বও তাদের।খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, সিটি করপোরেশনের লোকেরা রাস্তা নষ্ট করছে। তারা রাস্তার ওপর যাতে ময়লা না ফেলে সে জন্য কেসিসির নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছি।ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী আবদুল হাদী বলেন, এত গুরুত্বপূর্ণ সড়কের ওই অংশে জনগণের দুর্ভোগের সীমা নেই।খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘ওই বিষয়টি আমি আগেই শুনেছি। সেখানে গিয়েছিও। যাতে পরিবেশ খারাপ না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।’