বর্জ্য স্থানান্তর কেন্দ্র বেদখলে, সড়কের পাশে ময়লার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভায় আটটি বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সাতটিই বেদখল ও অকার্যকর হয়ে আছে। চারটি কেন্দ্র দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত ও সমিতির কার্যালয় খোলা হয়েছে। একটি কেন্দ্র ভেঙে বসানো হয়েছে দোকান। আর দুটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বর্তমান ও সাবেক তিনজন পৌর কাউন্সিলরের বিরুদ্ধে এসব কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে।
এই অবস্থায় পৌরসভার বাসিন্দারা গৃহস্থালির বর্জ্য সড়কের পাশে ফেলতে বাধ্য হচ্ছে। এতে মশা-মাছির উপদ্রব বেড়েছে, দুর্গন্ধে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ।
বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা শাখা সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১৭ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে শহরের বিভিন্ন স্থানে আটটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হয়। আরসিসি পিলারের কাঠামোর ওপর টিনের ছাউনি ও চারপাশে দুই ফুট উঁচু দেয়াল দিয়ে এসব স্থাপনা নির্মিত হয়। শহরের বিভিন্ন এলাকার গৃহস্থালির বর্জ্য ভ্যানে করে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে এসব কেন্দ্রে জমা করা হতো। পরে এসব বর্জ্য ট্রাকে করে শহরের উপকণ্ঠে সোনাখালী এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে ফেলা হতো।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের পশ্চিম বরগুনা, মাদ্রাসা সড়ক, চরকলোনি বিআরটিসি বাসস্ট্যান্ড ও বাগানবাড়ি এলাকার চারটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান, কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয় ও টেম্পোর মালিকদের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া শহরের উকিলপট্টি এলাকার কেন্দ্রটি ভেঙে দোকান নির্মাণ করা হয়েছে। ডিকেপি সড়ক ও পুলিশ ক্লাব এলাকার স্থাপনা দুটি তালাবদ্ধ রয়েছে। শুধু পুলিশ লাইনস এলাকায় মেয়রের বাড়ির সামনের কেন্দ্রটি ব্যবহৃত হচ্ছে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের চারপাশে ইটের দেয়াল। সামনে শাটার লাগিয়ে তালা দিয়ে দখল করে রেখেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর রইসুল আলম। তিনি বলেন, ‘সাবেক এক কমিশনারের বাড়ির সামনে ওই স্থাপনা নির্মাণ করা হয়েছিল। ওই কমিশনারের অনুরোধে আমি কেন্দ্রটির চারপাশে দেয়াল নির্মাণ করে শাটার লাগিয়ে বন্ধ করে দিয়েছি।’
৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বরগুনা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বর্জ্য স্থানান্তর কেন্দ্রটিতে স্থানীয় কাউন্সিলর ফারুক সিকদার তাঁর ব্যক্তিগত কার্যালয় হিসেবে সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছেন। তাই বাধ্য হয়ে এলাকার লোকজন বাসাবাড়ির ময়লা-আবর্জনা পার্শ্ববর্তী খাকদোন নদ ও সড়কের পাশে ফেলছে।
ফারুক সিকদার বলেন, ‘একটি শ্রমিকসংগঠন এই কেন্দ্র ভেঙে তাদের সংগঠনের কার্যালয় বানাতে চেয়েছিল। তাই এলাকার লোকজন আমার নামে সাইনবোর্ড লাগিয়ে সেটি রক্ষা করেছে। তবে ওটা আমার ব্যক্তিগত কার্যালয় নয়।’
চরকলোনি বিআরটিসি বাসস্ট্যান্ড-সংলগ্ন কেন্দ্রটি দখল করে সেলুন তৈরি করা হয়েছে। সেলুনমালিক দুলাল শীল বলেন, ‘সাবেক কাউন্সিলর রুহুল আমীন এখানে আমাকে সেলুন দিতে বলেছেন।’
মাদ্রাসা সড়কের কেন্দ্রটি দখল করে টেম্পোর মালিকদের কার্যালয়ের নামে সাইনবোর্ড টাঙিয়ে রাখা হয়েছে। ডিকেপি সড়কে গিয়ে দেখা যায়, পৌর পানি শোধনাগার-সংলগ্ন বর্জ্য স্থানান্তর কেন্দ্রটি তালাবদ্ধ রয়েছে।
পৌরসভার মেয়র মো. সাহাদাত হোসেন বলেন, বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলো দখল হয়ে গেছে, এটা সত্য। এগুলো উদ্ধার করে ব্যবহারের উপযোগী করতে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।