চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া ট্যাংকার থেকে নির্গত জ্বালানি তেলে প্রায় ৫০ হাজার বর্গমিটার এলাকায় দূষণ ছড়িয়েছে। এ তেল ভাটার টানে সাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল গতকাল সোমবার ঘটনাস্থল ঘুরে ও পানির নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে নদীদূষণের এই চিত্র দেখতে পায়। তাই ডুবে যাওয়া জাহাজের মালিকানা প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংকার সার্ভিসেস থেকে ১০ লাখ জরিমানা আদায় করা হয়েছে।মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, জোয়ার-ভাটার টানে এ তেলের দূষণ প্রায় ৫০ হাজার বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিবেশ আইনের আওতায় জাহাজের তেলের দূষণের ঘটনায় এটাই জরিমানা আদায়ের প্রথম ঘটনা।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নমুনা পরীক্ষায় দেখা গেছে, দূষিত এলাকায় প্রতি লিটারে ২৫ মিলিগ্রাম করে তেল ও গ্রিজ রয়েছে। এ মাত্রা পরিবেশ ও প্রতিবেশের জন্য বিপজ্জনক। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ (ডিও) পাওয়া গেছে প্রতি লিটারে মাত্র ৩ দশমিক ৪ মিলিগ্রাম, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১৫ শতাংশ কম। জলজ প্রাণীর জন্য এ মাত্রা ধ্বংসাত্মক।অভিযানে ডুবন্ত জাহাজের মালিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংকার সার্ভিসেস থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী এ ক্ষতিপূরণ দণ্ড আরোপ করা হয়। প্রতিষ্ঠানের মালিক মো. সিরাজ উদ্দিন ও আবদুল মোতালেব চৌধুরীকে তলব করে গতকাল বিকেলে জরিমানার টাকা আদায় করা হয়। একই সঙ্গে ডুবন্ত জাহাজটি জব্দ করা হয়েছে।ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার এবং তেলদূষণ বন্ধে পদক্ষেপ নিতে অধিদপ্তরের পরিচালক নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডুবন্ত জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে জাহাজটি টেনে ওপরে তোলা সম্ভব হবে।গত শনিবার রাতে বন্দরের ডলফিন অয়েল জেটি-৫-এ একটি ডিপো থেকে ফার্নেস অয়েল বোঝাইয়ের সময় ওটি মুন নামে একটি ট্যাংকার ডুবে যায়। এ সময় এতে প্রায় ১৭০ টন ফার্নেস অয়েল ছিল, যার বেশির ভাগ নদীতে ছড়িয়ে পড়ে।গতকাল পরিবেশ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে এসেছে নতুন তথ্য। জাহাজটি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি থেকে তেল বোঝাই করলেও কোনো গন্তব্য ছিল না। এই জাহাজে তেল সরবরাহের বৈধ কোনো কাগজপত্রও পাওয়া যায়নি। জাহাজটির সার্ভে সনদের মেয়াদও পেরিয়ে গেছে এক মাস আগে। অর্থাৎ ট্যাংকারটি অবৈধভাবে নদীতে চলাচল করছিল। ১৯৯৮ সালে তৈরি এই জাহাজটির দৈর্ঘ্য ৮৫ ফুট।বন্দরের পরিবেশ ব্যবস্থাপনা ইউনিট সূত্রে জানা গেছে, জাহাজডুবির পরই গত রোববার সকাল থেকে বন্দরের বিশেষায়িত দুটি জাহাজ থেকে রাসায়নিক ছিটিয়ে তেলের কার্যক্ষমতা নষ্ট করা হচ্ছে। দুই দিনে প্রায় ৭৩ টন বর্জ্যতেল সংগ্রহ করা হয়েছে। এখনো বর্জ্যতেল সংগ্রহ চলছে।সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য ক্যাপ্টেন এম. শাহজাহানের বক্তব্য যথাযথভাবে তুলে ধরা হয়নি। ধারণক্ষমতার অতিরিক্ত ফার্নেস অয়েল তোলার কারণে জাহাজটি ডুবে যায় বলে যে বক্তব্য তাঁর বরাতে ছাপা হয়েছে, তা তিনি বলেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, এটা অন্য কারও বক্তব্য হতে পারে।