বর্জ্যমিশ্রিত পানিতে অতিষ্ঠ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারখানার বর্জ্যমিশ্রিত পানিতে গোসল করছে শিশুরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কারখানার বর্জ্যমিশ্রিত পানিতে গোসল করছে শিশুরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেড়িবাঁধের ভেতরের সাতটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য এ পানিতে মিশে গেছে। আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে আশপাশের মানুষ মানবেতর জীবনযাপন করছে।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, ভাঙ্গালপুর, খিদিরপুর, বড়ভিটা, বাদামতলা ও চৌধুরীপাড়া—এ সাতটি গ্রাম রূপগঞ্জ-ভুলতা-গাউছিয়া বেড়িবাঁধের ভেতরে অবস্থিত। তাই এসব গ্রামে বর্ষার পানি ঢোকে না। কাঁচপুর ও রূপগঞ্জের বরপা, টাটকী ও যাত্রামুড়া এলাকার বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যমিশ্রিত পানি গ্রামগুলোর পাশের খাল দিয়ে শীতলক্ষ্যা নদীতে গিয়ে পড়ে। বর্তমানে বৃষ্টির পানি ও শিল্পকারখানার বর্জ্যমিশ্রিত পানি মিশে গেছে। খালের মুখ সরু হওয়ার কারণে একসঙ্গে এত পানিনিষ্কাশন হতে না পেরে বর্জ্যমিশ্রিত পানি গ্রামের বাসিন্দাদের বাড়িঘরে ঢুকে পড়ছে। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে গেছে। সাতটি গ্রামের ২১ হাজার মানুষ এক মাস ধরে পানির দুর্গন্ধে বাড়িঘরে ঠিকমতো থাকতে পারছে না। ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কেউ কেউ চর্মরোগ, জ্বরসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
চৌধুরীপাড়া গ্রামের জাকির হোসেন বলেন, ‘৩৫ বছর আগে বেড়িবাঁধ হওয়ার পর থেকে আমরা বর্ষার পানি চোখে দেখি না। কিন্তু কয়েক বছর ধরে বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যমিশ্রিত দূষিত পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে আমাদের সাতটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এক মাস ধরে মারাত্মক জলাবদ্ধতায় মানুষ মানবেতর জীবনযাপন করছে।’
সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাকিম উদ্দিন বলেন, গ্রামগুলোর মানুষ এতই দুর্ভোগে পড়েছে যে একদিকে দূষিত পানির দুর্গন্ধ, অন্যদিকে বাড়িঘরের ভেতরে পানি। এ কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেড়িবাঁধের ভেতরে থাকায় গ্রামের বাসিন্দারা তাদের বাড়িঘর উঁচু না করে নিচু জায়গাতেই ঘর তুলে বসবাস করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘সাত গ্রামের মানুষের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করে আমি পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবগত করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
ইউএনও আবু নাছের ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করেছি।’
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, ‘ওই এলাকার বিভিন্ন ডাইং কারখানার কর্তৃপক্ষ তাদের নিজস্ব ইটিপি থাকার পরও খরচ বাঁচাতে তা ব্যবহার করছে না বলে আমরা অভিযোগ পেয়েছি। ডাইং কারখানার এসব বিষাক্ত বর্জ্যে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। উদ্ভিদ ও মাছ মরে যাচ্ছে। এ পানি ব্যবহার করে মানুষও নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’