বর্জ্যে তুরাগ দূষণ, ভরাট হয়ে নাব্যতা-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণের শিকার তুরাগ নদের পানি কালো হয়ে গেছে। দুর্গন্ধে নদের পাশ দিয়ে হাঁটাচলা দায়। নদের পানির সংস্পর্শে চর্মরোগে আক্রান্ত হচ্ছে লোকজন। তা ছাড়া নদের তলদেশে আবর্জনা ও পলিথিন জমে নাব্যতার সংকট দেখা দিয়েছে।নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বলেন, তুরাগতীরবর্তী কলকারখানার বিষাক্ত বর্জ্য, শহরের নর্দমার ময়লা পানি আর বাজারের ময়লা-আবর্জনার কারণে নদের পানি কালো ও বিষাক্ত হয়ে গেছে। তিনি আরও বলেন, টঙ্গীর আবদুল্লাহপুর কাঁচাবাজার, মাছের বাজার, টঙ্গী বাজার, মুদাফা বাজার, মিরাশপাড়া রাজাবাড়ি ঘাটসহ বিভিন্ন এলাকায় ভোররাতে ট্রাকে ভরে বাজারের বর্জ্য, পলিথিন ও অন্যান্য ময়লা-আবর্জনা তুরাগে ফেলা হয়। এতে নদের তলদেশ ভরাট হয়ে নাব্যতার সংকট দেখা দিয়েছে।নদতীরবর্তী মুদাফা এলাকার গুরুদাস (৬২) বলেন, একসময় তুরাগ নদে মাছ ধরে তিনি জীবিকা নির্বাহ করতেন। দেশীয় সব ধরনের মাছই পাওয়া যেত এই নদে। কিন্তু এখন তুরাগে মাছ পাওয়া যায় না বললেই চলে। তিনি আরও বলেন, তাঁর জানামতে, বর্তমানে কেউ তুরাগ নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন না।স্থানীয় ব্যক্তিরা বলছেন, তুরাগের পানি এখন ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। তুরাগতীরের মুণ্ডা গ্রামের কৃষক টিপু সুলতান (৫৫) বলেন, নদের পানিতে গরু গোসল করাতে গিয়ে তিনি নিজে চর্মরোগে আক্রান্ত হয়েছেন। গরুর গায়েও ফোসকা পড়ে ঘা হয়ে গেছে।জবেদা বেগম নামের এক নারী বলেন, টঙ্গীর রেলসেতুর নিচে প্লাস্টিকের বস্তা ধোয়ার কাজ করে তিনি চর্মরোগে আক্রান্ত হয়েছেন।টঙ্গী এলাকার সিরাজ উদ্দিন সরকার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মো. সুফিয়ান বলল, দুর্গন্ধে তুরাগের পাশ দিয়ে চলাফেরা করা যায় না।ট্রলারচালক মো. রমিজ বলেন, নাব্যতার সংকটের কারণে তুরাগ নদে বর্তমানে ট্রলার চলাচল বন্ধ। তিনি জানান, একটি ট্রলারে মাত্র দুই হাজার টাকা খরচ করে চার হাজার বর্গফুট বালু বহন করা যায়। এই পরিমাণ বালু সড়কপথে বহন করতে খরচ পড়ে চার হাজার টাকা। এতে বালু ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান বলেন, তুরাগ নদকে দূষণমুক্ত করতে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, তুরাগ নদ দূষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।