বর্জ্যে বিল ও পুকুরের মাছ মরছে
কারখানার বিষাক্ত বর্জ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনার বিলসহ বেশ কয়েকটি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। গতকাল শুক্রবার সকাল থেকে মাছগুলো ভেসে উঠতে থাকে।
উপজেলার মাহনা গ্রামের মৎস্য খামারের মালিক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় ফকির কটন, রকি নিটিং অ্যান্ড ডাইং এইচপি কেমিক্যালসহ বেশ কয়েকটি কারখানার বর্জ্য বৃষ্টির পানির সঙ্গে পুকুরে ও বিলে প্রবেশ করে। এতে বিল ও পুকুরের পানিও বিষাক্ত হয়ে ওঠে। মাছ ও জলজ প্রাণী মরতে থাকে। তিনি আরও বলেন, তিনি এবার সাড়ে চার বিঘা পুকুরে প্রায় দুই লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন। গতকাল সকালে খাবার দিতে গিয়ে দেখেন পোনা মাছ মরে ভেসে উঠছে। বেলা বাড়ার সঙ্গে বড় বড় মাছও মরতে শুরু করে। এ ছাড়া মাহনা এলাকার আমির হোসেন, ছোবহান মিয়া, শহিদুল্লাহ, ইদ্রিস আলী, খোরশেদ আলম এবং আধুরিয়া এলাকার গোলজার হোসেন, মনির হোসেন ও ছোবহান মিয়ার পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। খামারিদের পক্ষ থেকে বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকেও জানানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন, মাহনা ও আধুরিয়া এলাকার পুকুর ও বিলের মাছ বিষাক্ত বর্জ্য পানির কারণেই মরে ভেসে উঠেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ও ভুলতা-আড়াইহাজার সড়কের দুই পাশে শতাধিক কারখানা রয়েছে।