বর্জ্যে ভরছে নদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশে তুরাগ নদে এভাবে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে ভরাট হয়ে যাচ্ছে নদ। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশে তুরাগ নদে এভাবে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে ভরাট হয়ে যাচ্ছে নদ। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশে তুরাগ নদে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে ভরাট হয়ে যাচ্ছে নদ।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আবদুল্লাহপুর মাছের আড়তের পেছনে নদে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ব্যবহৃত পলিথিন, আখের ছোবড়া, বাঁশের ঝুড়ি, মাছ ঢেকে আনার কাজে ব্যবহৃত কলার পাতা, প্লাস্টিক সামগ্রীসহ নানা ধরনের বর্জ্য ফেলা হয়েছে নদে।
স্থানীয় লোকজন বলেন, নদের তীরের একাধিক বাজার ও রাস্তার পাশের অস্থায়ী দোকানের ময়লা-আবর্জনা ফেলা হয় নদে। বিশেষ করে মাছের আড়তের পেছনের ঘাটের দুপাশে ময়লা ফেলা হয়।
সরেজমিনে দেখা যায়, টঙ্গী সেতুর আবদুল্লাহপুর অংশের দুপাশেও ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। নদের তীরে ফেলা এসব ময়লা-আবর্জনা গিয়ে পড়ছে নদীতে।
কারা এখানে ময়লা ফেলেন? জানতে চাইলে আবদুল্লাহপুর মাছের আড়তের ব্যবসায়ী মো. মানিক বলেন, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের আশপাশে রাস্তার দুপাশের অস্থায়ী দোকান মালিকেরা, বিশেষ করে আখের রসবিক্রেতারা এখানে নিয়মিত ময়লা ফেলেন। তিনি বলেন, আড়তে সব সময় লোক থাকে না। তাই যে যাঁর মতো নদে ময়লা ফেলে যান।
স্থানীয় লোকজন বলেন, আবদুল্লাহপুর মাছের আড়তের ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই। এতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ঢেকে আনার জন্য ব্যবহৃত কলার পাতাসহ অন্যান্য ময়লা আড়তের পেছনের অংশে নদে ফেলা হয়।
এ সম্পর্কে জানতে চাইলে মাছ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. মোতালিব মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের ময়লা-আবর্জনা সিটি করপোরেশনের ভ্যানে করে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। কিন্তু আশপাশের অনেক ব্যবসায়ী আড়তের পেছনের অংশে ময়লা ফেলে রেখে যান।’
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (ঢাকা জোন-২) রন্টি দেব গোস্বামী বলেন, পাউবো সম্প্রতি তুরাগ নদের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তিনি বলেন, নদে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি দেখার কথা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের। যদি তিনি ব্যবস্থা না নেন, তাহলে তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবছার উদ্দিন খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও বিষয়টি দেখেছি। সিটি করপোরেশন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।’
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিহির আলী সরদার বলেন, এভাবে নদে আবর্জনা ফেলা যাবে না। এ ব্যাপারে তাঁরা পদক্ষেপ নেবেন। তিনি বলেন, জৈব আবর্জনা পচে একসময় পানির সঙ্গে মিশে যায়। অন্যদিকে পলিথিন বা প্লাস্টিকজাতীয় আবর্জনা পানির সঙ্গে মিশবে না এবং সেগুলো পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।