বর্জ্যে সুরমা নদী দূষণ
সিলেটে কয়েক বছর ধরে ময়লা-আবর্জনা ফেলায় সুরমা নদী দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় পরিবেশ অধিদপ্তর কিংবা সিটি করপোরেশন কর্তৃপক্ষ দূষণ রোধে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না বলে নদী-তীরবর্তী বাসিন্দারা অভিযোগ করেছেন। সিলেট নগরের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী। নদী-তীরবর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, কালীঘাট, কাজিরবাজার, ঝালোপাড়া, চাঁদনীঘাট, উপশহর, মাছিমপুর, ছড়ারপার, কদমতলী, তেলিহাওরসহ অন্তত ১৫টি স্থানের নদীর তীর ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব এলাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি খোদ সিটি করপোরেশন কর্তৃপক্ষও ময়লা-আবর্জনা ফেলছে। এতে করে নদীদূষণ ক্রমে বাড়ছে। কালীঘাট এলাকার ব্যবসায়ী মনজুরুল ইসলাম জানান, কালীঘাট এলাকায় কয়েক হাজার ব্যবসায়ী রয়েছেন। এঁদের অনেকেই আবর্জনা নদীতে ফেলছেন। এ কারণে সিলেট শহরের পাশ দিয়ে প্রবাহিত একমাত্র নদীটি দূষণের শিকার হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও সুরমা নদীর পানি পরিষ্কার ও স্বচ্ছ ছিল। কিন্তু এখন নদীতে চিকিৎসা-বর্জ্য থেকে শুরু করে নানা ধরনের ময়লা-আবর্জনা সব সময় ভাসতে থাকে। এ জন্য গোসল থেকে শুরু করে গৃহস্থালির কাজে নদীর পানি আগের মতো ব্যবহার করা যাচ্ছে না। রাগিব রাবেয়া মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী পরিবেশকর্মী তায়েফ আহমদ চৌধুরী বলেন, ‘নদীটি দীর্ঘদিন ধরে দূষণের শিকার হলেও সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নির্বিকার। এ নিয়ে যেন কারও কোনো মাথাব্যথা নেই। শহরের একমাত্র নদীটি দূষণের হাত থেকে আমরা রক্ষা করতে পারছি না—এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কী হতে পারে?’ সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘সুরমা নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে জানান, এ ঘটনার দায় সম্পূর্ণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের ওপর বর্তায়। কারণ, এটা দেখার দায়িত্ব তাদের। তিনি আরও জানান, সিলেটে বর্জ্য ফেলার জায়গা (ডাম্পিং স্টেশন) বানাতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিটি করপোরেশন এটি নির্মাণের জন্য জায়গা অধিগ্রহণের কাজ চালাচ্ছে। এটি নির্মিত হলে শহরের পাশাপাশি সুরমা নদীও দূষণের কবল থেকে রক্ষা পাবে।