কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে বেরোলেই বিভিন্ন স্থানে গৃহস্থালির বর্জ্যের দুর্গন্ধে টেকা যেত না। সেই চিত্র এখন পাল্টেছে। এখন আর কেউ বর্জ্য ফেলেন না। কারণ ক্যাম্পাসে বসেছে জৈব গ্যাস প্ল্যান্ট।
ক্যাম্পাস ও আশপাশের এলাকার লোকজন জানান, প্রতিদিন সকালে ক্যাম্পাসের সব আবাসিক ভবন, হলের ডাইনিং-ক্যান্টিন, খাবারের দোকান এবং অনুষদগুলোর লাউঞ্জ থেকে পচনশীল বর্জ্য সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। তারপর জৈব গ্যাস প্ল্যান্টে এসব বর্জ্য ব্যবহার করে গ্যাস উৎপাদন করা হয়। পরে তা সরবরাহ করা হয় বিভিন্ন বাসা-বাড়িতে।
২০১২ সালের জুলাইয়ে গ্রামীণ শক্তি ও জাইকার সহযোগিতায় ক্যাম্পাসের বিশমাইলে দুটি জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন। প্ল্যান্ট দুটিতে পচনশীল গৃহস্থালির বর্জ্য ব্যবহার করে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। তবে এটি ‘বায়োগ্যাস’ নামেই বেশি পরিচিত। সাধারণত বাসা-বাড়িতে রান্নার কাজে চুলায় এই গ্যাস ব্যবহার করা হয়।
এ ব্যাপারে মো. খবির উদ্দিন জানান, বর্তমানে দুটি প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাস ক্যাম্পাসের বিশমাইল-সংলগ্ন ৩০টি বাড়িতে সরবরাহ করা হচ্ছে। রান্নার কাজেই এই গ্যাস ব্যবহার করা হয়। এর জন্য প্রতি মাসে ৩০০ টাকা দিতে হয়। কিন্তু একই কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করলে খরচ হয় কয়েক গুণ বেশি।
খবির উদ্দিন আরও জানান, এই প্ল্যান্ট দুটিতে এখন ১৩ জন লোক কাজ করছেন। এর ফলে এক দিকে যেমন ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছে, অন্যদিকে কয়েকজন লোকেরও কর্মসংস্থান হচ্ছে। এ ছাড়া বর্জ্য থেকে গ্যাস উৎপাদনের পর এর অবশিষ্টাংশ সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সার বিক্রি করা হয়। এ ধরনের প্ল্যান্ট থেকে পরিবেশবিজ্ঞান এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও হাতে-কলমে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিখতে পারছেন।
এর অগ্রগতি সম্পর্কে খবির উদ্দিন বলেন, সম্প্রতি ক্যাম্পাস-সংলগ্ন অরুণাপল্লি আবাসিক এলাকার সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই আবাসিক এলাকার গৃহস্থালির পচনশীল বর্জ্য এক দিন পর পর ভ্যানে করে এই ক্যাম্পাসে আনা হবে এবং সেগুলো থেকে জৈব গ্যাস উৎপাদন করা হবে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গেও এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খবির উদ্দিন বলেন, ‘দেশের ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা আছে আমাদের। একটু একটু করে আমরা এগিয়ে যেতে চাই। আশা করি এর মাধ্যমে একসময় পুরো বাংলাদেশেরই চিত্র পাল্টে যাবে।’