বর্ডার গার্ড আইন পাস হচ্ছে আগামী অধিবেশনে
জাতীয় সংসদের শরত্কালীন অধিবেশনেই বাংলাদেশ রাইফেলসকে বিলুপ্ত করে বর্ডার গার্ড আইন পাস হচ্ছে। আইনটি বিল আকারে উত্থাপনের জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। সংসদ সচিবালয় বিলটি ছাপিয়ে সাংসদদের মধ্যে বিতরণও শুরু করেছে। আগামী ২০ সেপ্টেম্বর সংসদের ষষ্ঠ অধিবেশন শুরুর প্রথম দিনই বিলটি সংসদে উঠবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।বর্ডার গার্ড বিল-২০১০ অনুসারে, বিডিআর বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে প্রচলিত বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ ও বাংলাদেশ রাইফেলস (স্পেশাল প্রভিশন) অর্ডিন্যান্স, ১৯৭৬ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। এ বিলটি ‘বর্ডার গার্ড আইন-২০১০’ নামে অভিহিত করার প্রস্তাব করা হয়। বিলে বিডিআরের নাম বদলে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ করা হয়েছে। প্রস্তাবিত বিলে, হত্যা, বিদ্রোহসহ বড় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আগে বিডিআর সদস্যদের সর্বোচ্চ সাত বছরের শাস্তির বিধান ছিল।বিলের বর্ডার গার্ডের সদস্যরা ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আইন-২০০৯’ অনুসারে সীমান্তের নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাত্ক্ষণিক অভিযোগ গ্রহণ করবেন এবং সাজা দিতে পারবেন।সংশোধনীতে ১৪০ ধারার উপধারা (২) বাতিলের প্রস্তাব করা হয়েছে। এ উপধারায় ভ্রাম্যমাণ আদালতের দুই বছর সাজা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল।