বর্ডার গার্ডের মহাপরিচালকের ব্যাখ্যা
প্রথম আলোয় গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সাক্ষাৎকারের অংশবিশেষের ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হয়েছে।মহাপরিচালকের পক্ষে জনসংযোগ কর্মকর্তার পাঠানো ব্যাখ্যায় বলা হয়, পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে সহায়তা প্রদানের বিবরণ দিতে গিয়ে বিজিবির মহাপরিচালক বলেছেন, প্রধানমন্ত্রীর তহবিল, সেনাপ্রধানের তহবিল ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ অনুদান ছাড়াও পারিবারিক নিরাপত্তা প্রকল্প ও পারিবারিক পেনশনের টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু সামরিক কর্মকর্তাদের চাকরিবিধি মোতাবেক পারিবারিক পেনশন ও পারিবারিক নিরাপত্তা প্রকল্পের অর্থ স্বাভাবিক নিয়মেই কর্মকর্তাদের পরিবার পেয়েছে; এগুলো কোনো বিশেষ সহায়তা নয়। পারিবারিক পেনশনের অর্ধেক গ্রহণের বিষয়টিও চাকরিবিধি অনুযায়ী কর্মকর্তার বেতনকাঠামো, চাকরির বয়স এবং পদমর্যাদার ওপর নির্ভরশীল বলে ব্যাখ্যায় বলা হয়।