বর্ণবিদ্বেষপূর্ণ মন্তব্য করায় মনিরামপুরের ওসিকে প্রত্যাহার
যশোরের মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেনকে গতকাল রোববার প্রত্যাহার করা হয়েছে।
‘ঋষিপল্লিতে হামলা পরিকল্পিত, ধর্ষণের কথা স্বীকার’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদে ঋষি সম্প্রদায়কে নিয়ে ওসি মীর রেজাউল বর্ণবিদ্বেষপূর্ণ মন্তব্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র। তিনি জানান, ওসিকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তদন্ত করা হবে।
ওসি রেজাউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে যশোরের দড়াটানা মোড়ের ভৈরব চত্বরে মানববন্ধন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন। মানববন্ধন শেষে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক বিভূতোষ রায় বলেন, ‘ওসি মীর রেজাউলকে শুধু প্রত্যাহার করলে চলবে না, আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ওসির মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি উদয় দাস ও সাধারণ সম্পাদক অশোক দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই ওসির মদদে ২০১০ সালের ১৬ নভেম্বর যশোরের কেশবপুরের মজিদপুর ঋষিপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঋষিদের উচ্ছেদ করা হয়। ২০১১ সালের ২০ অক্টোবর কেশবপুরের ভাল্লুকঘর শ্মশানে ঋষি সম্প্রদায়ের আনন্দ দাসের মরদেহ দাহ করতে বাধা দেওয়া হলেও ওসি রেজাউল কোনো ব্যবস্থা নেননি।