বর্ণবৈষম্য বিলোপ দিবসে নানা কর্মসূচি পালিত

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকালে মানববন্ধন হয়। জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়নসহ আট দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) জেলা শাখা। বক্তব্য দেন বিডিইআরএম জেলা শাখার সভাপতির ব্রহ্মনাথ ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ বাবু, নারীবিষয়ক সম্পাদক অর্পিতা দাস, সদস্য গোপা দত্ত প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিপিবি জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু।
বেসরকারি উন্নয়ন সংস্থা আরকো ও এনএনএমসির সহযোগিতায় ‘দলিত ও আদিবাসী জনগোষ্ঠী’র ব্যানারে সকাল ১০টার দিকে নওগাঁ ও সান্তাহারের দলিত সম্প্রদায়ের লোকজন নিজ নিজ কলোনি থেকে ব্যানার নিয়ে শোভাযাত্রা করেন। পরে শহরের মুক্তির মোড়ে এসে তাঁরা জমায়েত হন। পরে সেখানে মানববন্ধন হয়।
আরকোর প্রকল্প ব্যবস্থাপক শুক্লা মুখার্জির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর, এনএনএমসির সমন্বয়ক সারাহ মারান্ডি, নওগাঁ হরিজনপল্লির সিবিও সভাপতি ভানু বাশফোর, সান্তাহার হরিজনপল্লির সিবিও সভাপতি বৈরাগী লাল, মহাদেবপুর চেরাগপুর আদিবাসী কলোনির সিবিও সভাপতি মহাদেব সাহা, আরকোর অ্যাডভোকেসি-বিষয়ক কর্মকর্তা নওরীন জাহান প্রমুখ।
এদিকে গতকাল জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান রাস্তার পাশে বেলা আড়াইটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন বিজল দাস, দিলীপ মালী, রতন রবিদাস, পৌরসভার সাবেক কাউন্সিলর নিলিফা জহুর প্রমুখ।
বক্তারা জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করাসহ আট দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানান।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট প্রতিনিধি)