বর্ণবৈষম্যবিরোধী আইন ও দলিত কমিশন গঠনের দাবি
‘গাইবান্ধায় এক রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে চা দিতে বললে কর্মচারী জানান, চা দেওয়া যাবে না। কেননা আলাদা কাপ নেই। অথচ সেই রেস্তোরাঁতেই এক বানরওয়ালা চা খেয়ে চায়ের শেষ অংশটুকু কাপ দিয়েই বানরকে খাওয়াচ্ছিলেন। বানর চা খেতে পারলেও আমি পারি নাই। মৃত্যুর পর দাহ করার সময় আমাদের জন্য আলাদা চিতা পর্যন্ত তৈরি করতে বলা হয়।’এই দুঃখ ও ক্ষোভ ঝরেছে হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাসের কণ্ঠে। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় নির্মল চন্দ্রসহ দলিত জনগোষ্ঠীর কয়েকজন সদস্য ও তাঁদের নিয়ে কর্মরত ব্যক্তিরা এ ধরনের বঞ্চনার বিবরণ তুলে ধরেন। গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে ‘বাংলাদেশের দলিত জনগোষ্ঠী: বঞ্চনা ও সংগ্রাম’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। নির্মল চন্দ্র দাস আরও বলেন, স্বাধীনতার ৪০ বছর পরও দলিত জনগোষ্ঠীকে একটু সম্মান পাওয়ার জন্যও আন্দোলন করতে হচ্ছে। এ গোষ্ঠীর ছেলেমেয়েরা বিদ্যালয়ে গেলে তাদের পেছনের বেঞ্চে বসতে দেওয়া হয়। ক্লাস শেষে শিক্ষকেরা আকার-ইঙ্গিতে টয়লেট পরিষ্কার করে দিয়ে যেতে বলেন।সভায় বক্তারা বর্ণবৈষম্য বিলোপসংক্রান্ত আইন প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিত করা এবং দলিতদের জন্য আলাদা একটি কমিশন গঠনের দাবি জানান। সংসদে দলিত মানুষের জন্য অন্তত একটি আসন বরাদ্দ রাখারও দাবি জানান তাঁরা। অনুষ্ঠানের সভাপতি আরডিসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মেসবাহ কামাল বলেন, দেশে বর্ণবৈষম্য মারাত্মক আকারে বর্তমান। যশোরে চর্মকার পরিবারের এক সদস্য বাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পানি খেতে চাইলেও কেউ পানি দেয়নি। মূল প্রবন্ধে আরডিসির সাধারণ সম্পাদক জান্নাত-এ-ফেরদৌসী অস্পৃশ্যতার মানসিকতা পোষণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার দাবি জানান। কয়েকজন বক্তা বলেন, হরিজনের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য আবেদন করলেও ঠিকানা দেখে চাকরি দেওয়া হচ্ছে না। রূপগঞ্জে এক সন্ত্রাসী হরিজন নারীকে ধর্ষণ করলেও ধর্ষণকারীর কোনো শাস্তি হয়নি। ন্যাশনাল ফেডারেশন ফর দলিত মুভমেন্টের আহ্বায়ক রাজকুমার দাস বলেন, সংসদে দলিত মানুষদের নিয়ে কখনো কোনো কথা আলোচনা হয় না।দলিত ছেলেমেয়েদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার আদায়ে সবার সহযোগিতা কামনা করেন বাংলাদেশ দলিত ফোরামের আহ্বায়ক কানাইলাল রবিদাস। জাতীয় মহিলা সংস্থার পরিচালক বনশ্রী বিশ্বাস বিভিন্ন বৈষম্য প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন চেতনা বিকাশ কেন্দ্রের সদস্যরা একটি নাটক মঞ্চস্থ করে।