বর্ণমালার বই বিলিয়ে একুশে পালন
পল্লি চিকিৎসক জাকির হোসেন (২৮) লক্ষ করলেন, তাঁর আশপাশের পাঁচ গ্রামের বেশিরভাগ দরিদ্র পরিবারের সন্তানেরা একটু দেরিতে বিদ্যালয়ে যাওয়া শুরু করে। আবার অনেকে যাওয়ার সুযোগই পায় না। বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেলেও বাংলা বর্ণমালার সঙ্গে তাদের পরিচয় হতে অনেক সময় চলে যায়। নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মণবাড়িয়া গ্রামের এই পল্লি চিকিৎসক এবার ওই গ্রামগুলোর ১১৭ জন শিশুকে বর্ণমালা শেখার বই দিয়ে অমর একুশে পালন করলেন। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে জাকির হোসেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দীঘা নওদাপাড়া, লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের লক্ষ্মণবাড়িয়া, সাধুপাড়া, বোয়ালিয়াপাড়া, বিলটুনাপাড়া গ্রামে ঘুরে ঘুরে ছোট শিশুদের তালিকা করে বেড়াচ্ছিলেন। গতকাল রোববার সকাল থেকে তিনি সেই তালিকা ধরে বই বিলি শুরু করেন। দীঘা নওদাপাড়া গ্রামের রুবেল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকেই জাকির ডাক্তার ওষুধের ব্যাগের বদলে বইয়ের ব্যাগ নিয়ে বের হয়েছেন। বাড়ি বাড়ি যাচ্ছেন আর বাচ্চাদের ডেকে নতুন বই দিচ্ছেন। বাচ্চারা নতুন বই পেয়ে খুব মজা পাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘জাকির ডাক্তার বাড়ি বাড়ি ঘুরে একুশে ফেব্রুয়ারির গল্প করছেন।’ সাধুপাড়া গ্রামের জহুরুল ইসলাম বলেন, ‘সকাল থাইকিই দেকতিচি ডাক্তার বই দিয়া বেড়াচ্ছে। ভালোই লাগতিচে। আমার ছাওয়ালেকও একটা দিচে।’ এমন উদ্যোগ সম্পর্কে জাকির হোসেন বলেন, ‘খেলতে খেলতেই শিশুরা বর্ণমালা চিনে নেবে। এই উদ্দেশ্যেই বই দিচ্ছি।’ একুশে ফেব্রুয়ারিতে বই বিতরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বই দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা বলার সুযোগ পাচ্ছি।’