বর্ণমালার মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে সিলেটে গতকাল বর্ণমালার মিছিল বের করা হয়। ​নগরের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ​মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় l ​ছবি: প্রথম আলো
ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে সিলেটে গতকাল বর্ণমালার মিছিল বের করা হয়। ​নগরের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ​মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় l ​ছবি: প্রথম আলো

হৃদয়ে বাংলা ভাষা আর হাতে বাংলা বর্ণমালা-সংবলিত প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ড নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছেন ভাষাসংগ্রামী থেকে শুরু করে এ প্রজন্মের তরুণেরা। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের অক্ষরকে প্ল্যাকার্ড বানিয়ে সাজানো এই ব্যতিক্রমী বর্ণমালার মিছিল নজর কাড়ে পথচারীদের।
ভাষার মাসকে বরণ করে নিতে গতকাল সোমবার সকালে এ মিছিলের আয়োজন করে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ।
সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ভাষাসংগ্রামী মো. আবদুল আজিজ কর্মসূচির উদ্বোধন করেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত এ পর্ব সঞ্চালন করেন। এ সময় উদ্বোধক তাঁর বক্তৃতায় বলেন, ‘বারবার বাঙালি জাতি রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিজয়ী হয়েছে। ভাষা আন্দোলন ছিল বাঙালির আন্দোলন-সংগ্রামের উৎসমুখ।’
উদ্বোধনের পর মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ৫২ জন নৃত্যশিল্পীর পরিবেশনায় ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা মিছিলটিকে বরণ করে নেন। একুশ ও বাঙালি চেতনার ওপর ভিত্তি করে দেশাত্মবোধক এই নৃত্যটি পরিচালনা করেন নৃত্য প্রশিক্ষক বিপুল শর্মা। বর্ণমালার মিছিলে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব। বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায়বর্মণ রানা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোহাম্মদ সাইদুল হক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। এ সময় বক্তারা ভাষা আন্দোলনের চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।