বর্ণমেলায় বর্ণ পাঠানোর সময় বাড়ল
আগামী একুশে ফেব্রুয়ারিতে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে নানা রূপের সাজে সাজবে বর্ণমেলা। বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী একুশে ফেব্রুয়ারি সার্ফ এক্সেল ও প্রথম আলোর উদ্যোগে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী আনন্দমুখর বর্ণমেলা।
দিনব্যাপী বর্ণমেলায় থাকছে সারা দেশ থেকে শিক্ষার্থীদের পাঠানো বর্ণ নিয়ে প্রদর্শনী। উল্লেখ্য, শিক্ষার্থীদের নিজেদের বানানো এসব বর্ণ প্রথম আলো অফিসে পাঠানোর সময় আগামী ২০ ফেব্রুয়ারি বেলা দুইটা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এবারের বর্ণমেলার অন্যতম আকর্ষণ অনূর্ধ্ব-৫ বছরের শিশুদের বর্ণ দৌড় প্রতিযোগিতা। বয়সভিত্তিক চারটি আলাদা বিভাগ বা দলে প্রতিযোগিতা হবে। এ প্রতিযোগিতার বিজয়ী হবে সবাই। অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করা যাচ্ছে এখানে: https://bit.ly/2m7QTgd। এ ছাড়া দিনব্যাপী বর্ণিল এই মেলায় সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণে হাতেখড়ি আর বর্ণ নিয়ে বিচিত্র সব আয়োজন তো থাকছেই।