বর্ণমেলায় সপরিবারে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ অনেকেরই ছুটি। রোদের তেজ কিছুটা বেশি হলেও উৎসাহ-উদ্দীপনা নিয়ে অনেকেই সপরিবারে হাজির হয়েছেন ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বর্ণমেলায়।

মেলায় রয়েছে বর্ণপ্রদর্শনী, বর্ণদোলা, বর্ণমঞ্চ, বর্ণপোশাক, বর্ণপ্রযুক্তি, বর্ণাঙ্কন, বর্ণলিখন, টি-শার্টে বর্ণ, মজার পুতুল, বর্ণপণ্ডিত স্টলসহ নানা আকর্ষণ। মেলায় আছেন দেশের বরেণ্য কবি, লেখক, শিল্পী ও শিক্ষাবিদেরা। বর্ণমঞ্চে চলছে নাচ, গান, জাদু ও পাপেট। স্টলে রয়েছে শিশু-কিশোরদের ম্যাগাজিন কিশোর আলোর উপহারসামগ্রী। সেখানে শিশুরা রাঙাচ্ছে নিজের টি-শার্ট। বর্ণিল বর্ণে সেটি সাজাচ্ছে নিজের মতো করে।

পরিবার ও বন্ধু নিয়ে ধানমন্ডি থেকে এসেছেন এরা। ছবি: জাহিদুল করিম
পরিবার ও বন্ধু নিয়ে ধানমন্ডি থেকে এসেছেন এরা। ছবি: জাহিদুল করিম

মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা শফিকুর রহমান পরিবারের সবাইকে নিয়ে এসেছেন বর্ণমেলায়। স্ত্রী নাহিদ মোস্তারি, ছেলে ধ্রুব ও মেয়ে প্রিয়তা—সবার পোশাকেই একুশের শোক, শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। শফিকুর রহমান জানালেন, তিনি পেশায় ব্যাংকার। গত বছর প্রথম এই বর্ণমেলায় আসেন। এ বছরও একটু আগেভাগে এসেছেন শিশুদের হাতেখড়ি দিতে। সকালে শিশুদের হাতেখড়ি দিয়েছেন দেশের বিশিষ্টজনরা। শফিকুর বললেন, ‘খুব ভালো লাগছে আমার, শিশুদের হাতেখড়ি হয়েছে বিখ্যাত মানুষদের মাধ্যমে। এ ছাড়া তারা নাগরদোলায় চড়েছে আর রং দিয়ে বর্ণ এঁকেছে।’

এমন আরও অনেকে এসেছেন পরিবারের সবাইকে নিয়ে। ধানমন্ডির বাসিন্দা সারওয়াৎ পারভীন পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছেন এই মেলায়। তিনিও প্রতিবছর এখানে আসেন। সারা দিন কাটান বর্ণমেলায়। তাঁর শাড়িতেও বর্ণমালা। দুই ছেলেমেয়ে জয়ী আর আনন্দের পোশাকেও একুশের চিহ্ন। তিনি জানালেন, সন্তানদের মধ্যে বর্ণমেলার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এই অনুষ্ঠান তাঁকে বারবার এখানে নিয়ে আসে। বর্ণমালা নিয়ে মজার মজার আয়োজন তাঁর বেশি ভালো লাগে।

বাসাবো থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছেন এরা। ছবি: জাহিদুল করিম
বাসাবো থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছেন এরা। ছবি: জাহিদুল করিম

পারভীনের বন্ধু সৈয়দা পারভীনও ধানমন্ডির বাসিন্দা। জানালেন, তাঁর দুই মেয়ে উনাইসা ও উদাইসা এই মেলায় এসে অনেক মজা করছে। এই দলের সঙ্গে আরও এসেছেন তাঁদের আরেক বন্ধু সোহেলী জাহান। সঙ্গে মেয়ে মাইশা তাসনিম। জানালেন, ভাষার প্রতি ভালোবাসা বাড়াতে এ ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া প্রয়োজন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

শিশু-কিশোরেরা পরিবার নিয়ে যেমন এসেছে, তেমনি এসেছে বন্ধুদের নিয়ে। ধানমন্ডির ম্যাপল লিফ স্কুলের শিক্ষার্থী আবরার বন্ধু ইসম, জারাকে নিয়ে এসেছে এই মেলায়। জানাল, বর্ণাঙ্কন, বর্ণলিখন প্রতিযোগিতায় অংশ নিতেই এখানে এসেছে।

সপরিবারে বর্ণমেলায় এসেছেন মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা শফিকুর রহমান। ছবি: জাহিদুল করিম
সপরিবারে বর্ণমেলায় এসেছেন মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা শফিকুর রহমান। ছবি: জাহিদুল করিম

বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী আমিনুল ইসলাম পরিবার নিয়ে এসেছেন বাসাবো থেকে। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি মেলা ঘুরে দেখছেন। জানালেন, এমন দিনে পরিবার নিয়ে এখানে তাঁর ভালো সময় কাটছে আর সন্তানেরাও মজা পাচ্ছে।

আরও পড়ুন: