বর্ণময় বর্ণমেলায় বর্ণ নিয়ে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণমেলায় বর্ণ আঁকছে এক শিশু
বর্ণমেলায় বর্ণ আঁকছে এক শিশু

গভীর মন দিয়ে একটি বর্ণ লেখার চেষ্টা করছে চার বছরের শিশু ফাইজা। কী লিখবে? লিখে ফেলল ‘ক’। এরপর ক-এর আগে বসিয়ে দিল একটি ‘এ’ এবং শেষে ‘শ’। সবার শেষে ক-এর নিচে একটি ‘উ’ কার। হয়ে গেল একুশ।

আজ শুক্রবার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  আয়োজিত বর্ণমেলায় এভাবেই শিশুরা ব্যস্ত বর্ণ নিয়ে রঙিন খেলায়। রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রথম আলোর আয়োজনে বর্ণমেলা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন।

সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সের বিশাল মাঠে সকালে ছিল মিষ্টি রোদ। রোদমাখা মাঠে বসানো ছিল বিশাল একটি ‘ক’। এই ‘ক’-কে বর্ণিল করে তুলতে ব্যস্ত শিশুরা। এ ছাড়া মাঠের মধ্যে পেতে রাখা ক্যানভাসের ওপরও শিশুদের হাতে রঙিন হয়ে উঠছে বর্ণগুলো। চারপাশের স্টলগুলোতেও বর্ণের ছড়াছড়ি। প্রতিটি স্টলে শিশুদের ভিড়। মাঠের মাঝখানে আবার জাতীয় পোশাকের মতো পোশাক পরে একদল শিশু দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে।

মেলার একদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানেও ভিড়। তবে শিশু আর অভিভাবকদের সবচেয়ে আগ্রহ দেখা যায় ‘হাতেখড়ির’ দিকে। বর্ণমেলার অন্যতম আকর্ষণ বর্ণ পরিচয়ের উত্সব ‘হাতেখড়ি’। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দিতে বর্ণমেলায় উপস্থিত ছিলেন দেশের বরেণ্য কবি, লেখক, শিল্পী ও শিক্ষাবিদেরা।

বর্ণমেয়াল হাতেখড়ি আঁকছে এক শিশু
বর্ণমেয়াল হাতেখড়ি আঁকছে এক শিশু

মেলার একপাশে বিশাল মঞ্চে আয়োজন চলে গান, কবিতা, গল্প, নাটক পরিবেশনের। কুমার বিশ্বজিত্, মিতা হক, চিরকুট ব্যান্ডের সুমিসহ অনেকেই মঞ্চ মাতিয়েছেন।

মেলার বাইরের চিত্রটিও মেলার ভেতরের মতো। সবাই ভেতরে যাওয়ার জন্য তৈরি। কিন্তু মেলার বাইরেই চোখ বন্ধ করে একজনকে দাঁড়িয়ে কী যেন আওড়াতে দেখা গেল। নাম তাসনীম। চতুর্থ শ্রেণীর ছাত্র। সে একটি ছড়া মনে রাখার চেষ্টা করছে। এ ছড়াটি বলতে পারলে সে উপহার পাবে। তাই দ্রুত সময়ে সেটা মনে করার জন্য মেলার বাইরে দাঁড়িয়েই চেষ্টা করে যাচ্ছে সে। কী ছড়া?

‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন আমি যেন ভালো হয়ে চলি

পড়ার সময় পড়তে হবে, খেলার সময় খেলা/ নখ চুল কাটতে হবে, খাবো না অবেলা।’

মেলা কেমন লাগছে? আগেভাগেই মেলার সব স্টল ঘুরে আসা তাসনীম জানায়, ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে নাগরদোলা।

এদিকে ছেলে যাতে ছড়া মনে রাখতে পারে, এ জন্য তাসনীমের মা-বাবাকে বেশ ব্যস্ত দেখা গেল। শুধু তাসনীম নয়, মেলার চারপাশে যেখানে ভিড় একটু কম, এসব জায়গায় সব শিশু ও তাদের অভিভাবকদের এই ছড়া মনে রাখার চেষ্টা করতে দেখা গেল। তারা কি পরীক্ষা দিতে এসেছে?

মেলায় বাবার হাত ধরে ঘুরে বেড়ানো ছোট্ট লুহাব আর অনিন্দ্য জানায়, তারা এখানে বর্ণ দেখতে এসেছে। বর্ণ নিয়ে খেলতে এসেছে। বর্ণ আঁকতে এসেছে। বর্ণ খেতে এসেছে। বর্ণমেলায় এসে তাদের খুব ভালো লাগছে। আজ তারা নেচে-নেচে বেড়াবে।