বুয়েট অ্যালামনাইয়ের মহাপুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। বুয়েটের খেলার মাঠের শামিয়ানায় ঘেরা মূল অনুষ্ঠানস্থলের চেয়ারগুলো তখন প্রায় ফাঁকা। মাঠজুড়ে ঘুরে বেড়াচ্ছেন সাবেক ছাত্রছাত্রীরা। বসে-দাঁড়িয়ে আড্ডাতেও মশগুল অনেকে। জনা বিশেকের একটি দল গোল হয়ে বসে আছে মূল অনুষ্ঠানস্থলে। মাঝে যিনি তিনিই বলছেন, ‘ভাই, অনেকেরই নাম ভুলে গেছি। মুঠোফোনে হঠাৎ কল পেলে চেহারাটাও মনে করতে পারি না। তাই দয়া করে নিজের নাম বলে কথা বলেন।’
বৃত্তাকারে বসে থাকা সবাই বুয়েটের ৮৬ ব্যাচের শিক্ষার্থী। ২৮ বছর আগে ক্যাম্পাস ছেড়ে গেছেন। এখন নিজ নিজ কর্মজীবনে সবাই ব্যস্ত। সেই ব্যস্ততা এক সময়ের চেনা বন্ধুর মুখটিও ভুলিয়ে দিয়েছে। তবে পুরোনো প্রিয়মুখ দেখতে পেয়ে আনন্দে উদ্বেল সবাই। কৈশোর-উত্তীর্ণ হওয়ার সেই দারুণ সময় যেন আবার সবার সামনে। এই বন্ধুদের দেখতে চট্টগ্রাম থেকে ছুটে এসেছেন প্রকৌশলী এস এ রশীদ। ‘বছরে এই একটি দিনে মনে হয় ফিরে যাই পুরোনো দিনে’—বলছিলেন বর্তমানে ব্যবসায়ী রশীদ।
১৯৫০ সাল থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন এই প্রতিষ্ঠান থেকে। কয়েক হাজার বুয়েটে পড়ুয়ার পদভারে গতকাল শুক্রবার মুখরিত ছিল ক্যাম্পাস। অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই আয়োজন করে ‘মহাপুনর্মিলনী ২০১৪’। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সাবেক উপাচার্য আবদুল মতিন পাটোয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানের ও অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী অ্যালামনাইকে জনকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানালেন। ঘোষণা দিলেন, বুয়েটের কৃতী ছাত্র জগদ্বিখ্যাত স্থপতি এফ আর খানের নামে ‘চেয়ার’ করতে সহযোগিতা করা হবে, বুয়েটের ছাত্রীদের সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে বুয়েটের শিক্ষার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জীবনের সাফল্যে প্রকৌশলী বন্ধুদের সহযোগিতার কথা স্বীকার করলেন। ১৯৫১ সালের ছাত্র সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমামউদ্দিন আহমেদ চৌধুরী ভাষা আন্দোলনে বুয়েটের ভূমিকা তুলে ধরেন।
আয়োজনে সাবেক শিক্ষার্থীদের স্ত্রী বা স্বামী ও সন্তানদের ভিড় ছিল। একদা ছাত্র, এখন পুরকৌশল বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান বলছিলেন, ‘আমাদের সামাজিক ও পারিবারিক জীবনেও এই পুনর্মিলনীর একটা গুরুত্ব আছে। হারিয়ে যাওয়া বন্ধুর খোঁজ মেলে এখানে।’ এই কৃতী অধ্যাপককে এখন কেবল টিভিতেই দেখেন বলে জানালেন তাঁর বন্ধু এ বি এম মহিউদ্দিন। অনুষ্ঠানস্থল সেজেছিল বর্ণিল সাজে। পুনর্মিলনীর স্মরণিকাটির নাম দেওয়া হয়েছে ‘যে সময়...বর্ণময়’। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর নৈশভোজে শেষ হয় মিলনমেলা।