বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একই দিন সরকারিভাবে জাতীয় শিশু দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ, এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকালে নগরের কুমারপাড়ায় রাজশাহী নগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দলীয় কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মহানগরের লক্ষ্মীপুর মোড় থেকে জাতীয় শিশু দিবসের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম: বেলা ১১টায় স্বাধীনতার বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তবারক উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হোরায়রা, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুপুরে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করেন।
নীলফামারী: সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম প্রমুখ।
গাইবান্ধা: সকালে জেলা প্রাশসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন গাইবান্ধা শহরের পৌর পার্ক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক এহছানে এলাহী, পুলিশ সুপার আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
পঞ্চগড়: সকালে সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থা। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ ছাড়া শিশু একাডেমী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
জয়পুরহাট: জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সন্ধ্যায় শহীদ ডা. আবুল কাশেম মাঠে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আদমদীঘি (বগুড়া): সকালে নওগাঁ জিলা স্কুল মাঠে ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরোনো কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হক। পরে এক আলোচনা সভা হয়। সভায় পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম হাসিনা আকতার প্রমুখ বক্তব্য দেন।