বর্ণাঢ্য আয়োজনে রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন

নানা আয়োজনে গতকাল সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী—সবাই বিশ্ববিদ্যালয় দিবস বর্ণাঢ্যভাবে উদ্যাপন করেন।
সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবী। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছরের জন্য সাতটি শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দেওয়া হয়। এরপর একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় স্বাধীনতা স্মারকের পাদদেশে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক নাজমুল হকের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সবার ঐক্য ও সহযোগিতা চান।
এ সময় আরও বক্তৃতা করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মতিউর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক তাজুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান সাজিয়া আফরিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তুহিন ওয়াদুদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক, উপাচার্যের সহধর্মিণী গুল নাহার নবী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী।
দুপুর থেকে শুরু হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গানের পাশাপাশি বিকন নাট্যকেন্দ্রের পথনাটক তামাশা এবং কুড়িগ্রামের রাজারহাটের কুশান পালা পরিবেশিত হয়।
২০০৮ সালের ১২ অক্টোবর এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।