বর্ণাঢ্য আড়ম্বরে বসন্তবরণ
গানের সুরে, নাচের ছন্দে, পোশাকের বর্ণচ্ছটায় প্রকৃতই রাজসিক আড়ম্বরে ঋতুরাজ বসন্তের আগমন হলো রাজধানীতে। গতকাল শনিবার পয়লা ফাল্গুনে ঢাকা হয়ে উঠেছিল উৎসবের নগর।
পথে পথে, বাসে, রিকশায়, স্কুটারে, অফিসে, বিদ্যানিকেতনে সর্বত্র চোখে পড়েছে বাসন্তী সাজে সজ্জিত নরনারীর উচ্ছল উপস্থিতি। গৃহবধূ থেকে তরুণী-কিশোরীদের পরনে ছিল বাসন্তী বা কমলা রঙের তাঁতের শাড়ি। মাথায় তাজা ফুলের রিং, গলায় গাঁদা, গোলাপ, রজনীগন্ধার মালা। পুরুষদের পরনে রঙিন পাঞ্জাবি।
বসন্ত উৎসব: জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে বসন্ত উৎসব হয়েছে এবার শহরের বিভিন্ন কেন্দ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকালে উৎসবের সূচনা হয়েছিল শিল্পী মতিয়ার রহমানের বসন্তরাগে সারেঙ্গি বাদন দিয়ে। পরে ভরতনাট্যম পরিবেশন করেন পূজা সেনগুপ্ত। রাজশাহীর সাঁওতাল আদিবাসী শিল্পীরা মাদলের বোলের সঙ্গে পরিবেশন করেন সমবেত নৃত্য। এরপরে ছিল সমবেত কণ্ঠের গান ‘ওরে গৃহবাসী তোরা খোল দ্বার খোল’। বসন্ত নিয়ে ওয়াহিদুল হকের একটি লেখা পাঠ করে শোনান নায়লা তারাননুম। সুরের ধারার শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানটি। নৃত্য পরিবেশনে ছিল নৃত্যনন্দন, ভাবনা, স্পন্দন, বাফা, নটরাজের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন সালমা আকবর, লাইসা আহমেদ, জোসেফ কমল রডরিক্সসহ অনেকে। আবৃত্তি করেন রূপা চক্রবর্তী, আহকাম উল্লাহ। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘দ্রিমিকি দ্রিমিক দ্রাক’। গীতাঞ্জলির শিল্পীরা পরিবেশন করেন ‘কে রং লাগাল বনে বনে’।
সকালের পর্বে সভাপতিত্ব করেন কাজল দেবনাথ। বসন্তকথনে অংশ নেন সফিউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন মানজার চৌধুরী। অনুষ্ঠানে প্রীতিবন্ধনী বিনিময় করা হয়।
বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল বেলা তিনটা থেকে একযোগে চারটি কেন্দ্রে। বকুলতলা ছাড়াও অনুষ্ঠান হয়েছে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চ, পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক ও উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্কে।
রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চকে কেন্দ্র করে পুরো ধানমন্ডি লেকের দুই পাড়ে বেলা গড়ানোর পর থেকেই বাসন্তী সাজে সজ্জিত নগরবাসীর সমাগম হয়। নৃত্যজনের শিল্পীরা ‘ওরে গৃহবাসী’ গানের সঙ্গে পরিবেশন করেন সমবেত নৃত্য। আবৃত্তি করেন রফিকুল ইসলাম। গান করেন ফাহিম হোসেন চৌধুরী, মহাদেব ঘোষ ও অনিমা রায়। সমবেত নৃত্য পরিবেশন করেন কাদামাটি, সুরবিহার ও আনন্দলোকের শিল্পীরা। সীমান্ত সজল পরিবেশন করেন ভাওয়াইয়া। একক ও দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি নিয়ে বেশ খানিকটা রাত পর্যন্ত চলে অনুষ্ঠান। বাহাদুরশাহ পার্ক ও উত্তরার অনুষ্ঠানেও ছিল অনুরূপ আয়োজন।
উৎসবকেন্দ্র ছাড়াও সারা শহরেই গতকাল ছড়িয়ে পড়েছিল বসন্তের আমেজ। অমর একুশের বইমেলা, টিএসসি চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, বেইলি রোড, জাতীয় সংসদের সামনে, চন্দ্রিমা উদ্যানে বিকেলে বিপুলসংখ্যক নগরবাসী বসন্তের সাজে সেজে ঋতুরাজের আগমনকে অভিষিক্ত করেন।