বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল আরতি, আলোচনা, প্রার্থনা সভা, ভক্তিমূলক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন মন্দির ও পূজা প্রাঙ্গণে ছিল নানান আয়োজন। চার দিকেই ছিল সাজ সাজ রব, উৎসব।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মহানগর সর্বজনীন পূজা কমিটি জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী মিছিল বা শোভাযাত্রার আয়োজন করে। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের চৌরাস্তার মোড় এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হবে না।
শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী। শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য গতকাল দুপুর থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ডের ছোট ছোট দল ঢাকেশ্বরী মন্দির ও পলাশীর মোড়ে জড়ো হয়। বেলা তিনটার দিকে বের করা হয় শতাধিক ট্রাক, হাতিটানা রথ ইত্যাদি।
শোভাযাত্রায় একাধিক শিশু সেজেছিল নাগপঞ্চমীর আশ্রয়ে পিতা বসুদেবের কোলে শিশু শ্রীকৃষ্ণ। এ ছাড়া বাল্যরূপে নানা সাজের শ্রীকৃষ্ণ, রাধা-কৃষ্ণবাহী ট্রাকবহর। শোভাযাত্রা দোয়েল চত্বর, প্রেসক্লাব, পুরানা পল্টন, গুলিস্তান, নবাবপুর সড়ক হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত গীতাযজ্ঞে সহস্রাধিক ভক্ত অংশ নেন। রামকৃষ্ণ মঠ ও মিশনে জন্মাষ্টমীর বিহিতপূজা ছাড়াও দিনব্যাপী ভজন, কীর্তন ও ভক্তিগীতি অনুষ্ঠিত হয়। স্বামীবাগ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে আলোচনা সভা হয় শহীদ রফিক ভবন প্রাঙ্গণে। শ্রীশ্রী গীতা সংঘ কে এম দাস লেনে স্বামী ভোলানন্দগিরি আশ্রমে নগরকীর্তন, আলোচনা সভা করে। সবুজবাগের রাজারবাগে শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি অন্যান্য কর্মসূচির সঙ্গে সন্ধ্যায় আয়োজন করে আলোচনা সভার। ফার্মগেটের শ্রীশ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ সকালে শোভাযাত্রা ছাড়াও রাত আটটায় খামারবাড়ি প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে আলোচনা সভা করে।