বর্ণাঢ্য আয়োজনে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর জনগণের জীবনমান সুরক্ষায় সেবার মান ও পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের কর্মকর্তারা।
১৯৭৬ সালের ২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ঢাকা মহানগর পুলিশ। মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধের স্মৃতিবাহী রাজারবাগ পুলিশ লাইনসে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন। বেলা তিনটায় ডিএমপি সদর দপ্তর থেকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি শোভাযাত্রা শুরু হয়ে রাজারবাগে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে পুলিশের কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী বদলে দেওয়ার কথা বলেছিলেন, এর ধারাবাহিকতায় পুলিশও বদলে গেছে। পুলিশ এখন জনগণের বন্ধু। ডিএমপির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে; আরও যা দরকার তা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, ঢাকাকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে কাজ করে যাচ্ছে ডিএমপি। সবার প্রত্যাশা, ডিএমপি আরও সুন্দরভাবে কাজ করবে, গড়ে তুলবে জনবান্ধব পুলিশিং।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, সাম্প্রতিক সব সংকট সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে ডিএমপি। ডিএমপির সেবার পরিধি বেড়েই চলেছে। ১২টি থানা নিয়ে যাত্রা শুরু করা ডিএমপিতে এখন থানার সংখ্যা ৪৯।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সাংসদ রহমত উল্লাহ, স্থানীয় সরকার সচিব আবদুল মালেক, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।