বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার উদ্যাপন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষার্থীদের হল, রাস্তাঘাট আলোকসজ্জিত করা হয়েছে। সকাল ১০টায় কটকা স্মৃতিসৌধের পাশে উপাচার্য মো. সাইফুদ্দিন শাহর নেতৃত্বে বনজ ও ফলদ গাছের চারা রোপণ করার মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করা হয়।পরে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে ক্যাম্পাসে ফিরে শেষ হয়। বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে যাতে আমরা আরও অগ্রগতি অর্জন করতে পারি, আরও ভালো করতে পারি, সে জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’ আরও বক্তব্য দেন সহ-উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান, কোষাধ্যক্ষ ফকির আবু হোসেন, উদ্যাপন কমিটির আহ্বায়ক সরদার শফিকুল ইসলাম, ডিন (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ নাজিমউদ্দিন আহমেদ, ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, ছাত্রদের মধ্যে তাসলিম মুরাদ। অনুষ্ঠনটি পরিচালনা করেন উপপরিচালক (অডিট) শেখ মুজিবুর রহমান। পরে বিশ্ববিদ্যালয় এবং দেশের অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। বেলা তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন। ১৯৮৭ সালের ৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভের পর ১৯৯১ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিবছর ২৫ নভেম্বর দিবস উদ্যাপন করা হয়।