বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত
শান্তি শোভাযাত্রা, ধর্মীয় প্রার্থনা, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে গতকাল রোববার চট্টগ্রামে বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধবিহারে বুদ্ধপূজা ও বিশ্বশান্তি প্রার্থনা, সীবলী পূজা, ধর্মীয় আলোচনা (দেশনা), সন্ধ্যায় প্রদীপ ও পানীয় পূজা, পঞ্চ-অষ্ট-দশশীল, বৌদ্ধসংঘকে পিণ্ডদান, দেশ ও জাতির মঙ্গল কামনায় সূত্র আবৃত্তি, ত্রিপিটক পাঠের আয়োজন করা হয়। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে নগরের নন্দনকানন বৌদ্ধবিহারকে বর্ণাঢ্য রূপ দেওয়া হয়। এখানে তাজা ফল কেটে বুদ্ধমূর্তি তৈরি, মন্দির-প্যাগোডা, গোলাপ, শাপলা, পদ্মফুল ইত্যাদি তৈরি করা হয়। সকালে শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বুদ্ধবাণী খচিত ব্যানার, ফেস্টুন, বুদ্ধমূর্তি, ছবি, কীর্তনীয়াদের নিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতি, অনোমা, মনন, বুদ্ধিস্ট ফাউন্ডেশন, ইয়ুথ ফেস্টিভ্যালসহ ১৫টি সংগঠন অংশ নিয়েছে।বিকেল থেকে সন্ধ্যার কর্মসূচির মধ্যে রয়েছে—পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মসভা, ধ্যান (মেডিটেশন), মোমবাতি প্রজ্বালন, মঙ্গলবাণী পাঠ, সমবেত প্রার্থনা ইত্যাদি। পূজা উদ্যাপন পরিষদের সহ-সভানেত্রী স্বপ্না বড়ুয়া জানান, বিভিন্ন মূর্তি তৈরির জন্য সমিতি এবং বিহারের নিজস্ব কোষাগার থেকে ৫০ হাজার টাকার ফলমূল কেনা হয়েছে।মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বৌদ্ধবিহারে ভোরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। সকাল নয়টায় বুদ্ধপূজা, পঞ্চশীল-অষ্টশীলসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় সূত্র আবৃত্তি এবং ১১টায় ভিক্ষু সংঘকে পিণ্ডদান করা হয়।কাতালগঞ্জের নব পণ্ডিত বিহারে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রভাতফেরি, ত্রিপিটক পাঠ, ধর্মীয় প্রার্থনা, বুদ্ধপূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।