বর্ণাঢ্য আয়োজনে চাঁদের হাটের ৪০ বছর পূর্তি

পরনে রং-বেরঙের পোশাক আর গলায় সবুজ রঙের উত্তরীয়। এমনই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার পালিত হল শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন চাঁদের হাটের ৪০ বছর পূর্তি উত্সব।
সকালে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উত্সবের সূচনা হয়। পরে প্রায় ৪০০ শিশু-কিশোরের উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ঘুরে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর ৪০ বছরের পথ চলা নিয়ে স্মৃতিচারণা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার দায়িত্ব চাঁদের হাটের। তিনি বলেন, এ সরকার বাজেটে শিশুদের জন্য উপযুক্ত বরাদ্দ দিয়েছে। সরকার শিশু পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুরা যেন রাজনৈতিক সহিংসতার শিকার না হয়—সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
চাঁদের হাটের প্রতিষ্ঠাতা পরিচালক শিশুসাহিত্যিক রফিকুল হক দাদু ভাই বলেন, ৪০ বছর ধরে একটা প্রতিষ্ঠানের পথচলা খুব কঠিন কাজ। তবে সে কাজটি করতে সক্ষম হয়েছে চাঁদের হাট।
চাঁদের হাটের চেয়ারম্যান জাকারিয়া পিন্টুর সভাপতিত্বতে আরও বক্তব্য দেন সাংবাদিক শাহ আলমগীর, সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাঁদের হাটের সদস্যসচিব মুফদি আহমেদ।
এ উত্সব থেকে বিশিষ্ট ছয় ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে। তাঁরা হলেন প্রয়াত সাংবাদিক এহতেশাম হায়দার চৌধুরী, প্রয়াত সাংবাদিক এস এম পারভেজ, প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল হক দাদু ভাই, দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক এ এম মুফাজ্জল, শিক্ষাবিদ মীজানুর রহমান শেলী ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
‘আমরা সুন্দর হব’—এ মূল মন্ত্রকে ধারণ করে ৪০ বছর পার করল সংগঠনটি। ১৯৭৪ সালের ১৪ এপ্রিল অধুনালুপ্ত সাপ্তাহিক, পরবর্তীকালে দৈনিক পূর্বদেশ-এর ছোটদের পাতা চাঁদের হাট থেকে এ সংগঠনের জন্ম।