বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠার পাঁচ বছর পর প্রথমবারের মতো ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে দিনটি উদ্যাপন করা হয়।বিশ্ববিদ্যালয় দিবসে কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাসে আলোকসজ্জা ও হলগুলোতে বিশেষ খাবার পরিবেশন। প্রথম ব্যাচে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পাঁচ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। এ ছাড়া ভাষাশহীদ আবদুস সালাম হলের সম্প্রসারিত দুটি তলার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন ও সাংসদ একরামুল করিমকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেন। বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে বিশাল মোটর শোভাযাত্রাটি বের হয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।উপাচার্য সাঈদুল হকের সভাপতিত্বে আলোচনা পর্বে অতিথিরা ছাড়াও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ইউসুফ মিয়া, রেজিস্ট্রার মমিনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল মামুন, ছাত্রী শিলুফা বেগম, ছাত্র মাসুদুর রহমান প্রমুখ।আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি একাডেমিক ভবন, একটি ছাত্রাবাস, একটি ছাত্রী হল, মিলনায়তন এবং দুটি বাসের দাবি জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি আলাউদ্দিন আশ্বাস দেন, শিক্ষার্থীদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ২০০১ সালের ১৫ জুলাই সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ জারি হয়। এ আইন কার্যকর হয় ২০০৩ সালের ২৫ আগস্ট। শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৬ সালের ২২ জুন।বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দুই ফ্যাকাল্টিতে সাতটি বিভাগে বিএসসি (অনার্স), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং এমএস ডিগ্রি দেওয়া হচ্ছে। আরও পাঁচটি বিভাগ চালুর প্রস্তাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, গণিত ও ইংরেজি বিভাগে বিদেশিসহ বর্তমানে প্রায় এক হাজার ৫০০ ছাত্রছাত্রী আছে।