বর্ণাঢ্য আয়োজনে প্রথম সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। যন্ত্রসংগীতের সুরে উঠে দাঁড়ালেন দর্শক সারির সবাই। সমাবর্তনের পোশাক পরে মঞ্চে আসছিলেন অতিথিরা। এরপর দুই পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে একে একে আসন গ্রহণ করেন স্নাতক ডিগ্রিধারীরা। গতকাল শনিবার চট্টগ্রামের পতেঙ্গা বোর্ট ক্লাব মিলনায়তনে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) প্রথম সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয় এভাবে। এইউডব্লিউর রেজিস্ট্রার তাসনিম আবেদীন মঞ্চে দাঁড়িয়ে থাকা অতিথিদের পরিচিতি তুলে ধরেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাহিমা আজিজ সাভার ট্র্যাজেডি ও ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নীরবতা পালনের অনুরোধ জানান। সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এইউডব্লিউর ট্রাস্ট্রি ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। চ্যান্সেলর চ্যারি ব্লেয়ারের অনুষ্ঠান উদ্বোধনের কথা থাকলেও বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর সফরসূচি বাতিল হয়ে যায় বলে জানিয়েছেন উপাচার্য। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন লেখক, নারী অধিকার এবং এইচআইভি এইডস সচেতনতা কার্যক্রমের সক্রিয় কর্মী, টিভি প্রযোজক মারিনা মাহাথির। উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমাদ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও কুয়েত অয়াকফ পাবলিক ফাউন্ডেশনের উপ-মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জালাহমা, ফ্যাকাল্টি ডিন জিনি গ্যারেট, স্টুডেন্টস ডিন ফাতিমা হক প্রমুখ। ওসমান ফারুক তাঁর বক্তব্যে বলেন, আজ যারা স্নাতক ডিগ্রি পেয়েছে তারা সবাই পরিবর্তনের আলোকবর্তিকা হয়ে জ্বলে উঠবে। মানবিক গুণাবলি অর্জন ও সামাজিক বৈষম্য দূর করে তাদের এগিয়ে যেতে হবে। সমাবর্তন অনুষ্ঠানের মূল বক্তা মারিনা মাহাথির বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজকে যারা ডিগ্রি পেয়েছে তাদের হাত ধরেই আসবে নতুন নেতৃত্ব। এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ ডিগ্রিধারীদের উদ্দেশে বলেন, ‘আমি বিশ্বাস করি তোমাদের দক্ষতা, তোমাদের যোগ্যতা অনেক বেশি শক্তিশালী। এইউডব্লিউ থেকে তোমরা যে নেতৃত্ব এবং জ্ঞানচর্চার শিক্ষা পেয়েছ, তা দিয়েই একদিন বিশ্ব নাগরিক হিসেবে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।স্নাতক ডিগ্রিধারীদের পক্ষে বক্তব্য দেন ইউমনা হুদা। তিনি বলেন, আমাদের আজকের অর্জনের নেপথ্যে যাঁদের সর্বাত্বক সহযোগিতা ছিল, তাঁদের মনে রাখতে হবে। তাঁদের অবদানের কথা ভুলে গেলে চলবে না। প্রথম সমাবর্তনে ১৩৪ জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রির সনদ দেওয়া হয়। ২০০৮ সালে তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।