বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। গতকাল শনিবার সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে।গতকাল সকালে স্থানীয় শিশু একাডেমীর আয়োজনে চলে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিনের শুরুতে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি শিল্পকলা একাডেমী থেকে শিশু একাডেমী পর্যন্ত যায়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। শোভাযাত্রা শেষে শিশু একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। সকালে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা অংশ নেয়। বেসরকারি সংগঠন আমরা ক’জন মুজিব সেনা গত শুক্রবার দুই দিনব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এ উপলক্ষে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনটি গতকাল ডিসি হিল প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। চট্টগ্রাম সিভিল সার্জন সকালে সিভিল সার্জন সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। সভার প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আফছারুল আমীন। আরও উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার আবুল কাসেম, চট্টগ্রাম অঞ্চলে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নওশেদ আলী প্রমুখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে সকালে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বক্তব্য দেন সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রমুখ। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা নগরের জিইসি মোড়ের একটি হোটেলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন। এতে বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের পরিচালক শাহাজাদা মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী প্রমুখ। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একাংশের উদ্যোগে চট্টগ্রাম আইন কলেজে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয়।