বর্ণাঢ্য আয়োজনে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা’ এই স্লোগান সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বর্ণাঢ্য সাজে সজ্জিত ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদ্যাপন কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।পরে মওলানা ভাসানী দরবার হলে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী আবদুল লতিফ বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসাবিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এখানে যাঁরা শিক্ষকতা করতে আসেন, তাঁদের শিক্ষকতার চেয়ে ব্যবসায়িক মানসিকতাই বেশি থাকে। অপরদিকে শিক্ষার্থীরাও জ্ঞানচর্চা না করে কীভাবে সার্টিফিকেট অর্জন করা যায়, সেদিকেই বেশি ব্যস্ত থাকেন। আমাদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।’উপাচার্য এম নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও সাবেক সাংসদ ফজলুর রহমান খান, সহ-উপাচার্য মো. মনিরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী প্রমুখ।এ ছাড়া সারা দিন ক্যাম্পাসে বৃক্ষরোপণ, রম্য বিতর্ক, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে মুক্তমঞ্চে সংগীতানুষ্ঠান হয়।