বর্ণাঢ্য আয়োজনে যশোর মুক্ত দিবস উদ্যাপিত
বর্ণাঢ্য আয়োজনে গতকাল শুক্রবার যশোর মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক গণপরিষদ সদস্য মঈনুদ্দীন মিয়াজী।
মঈনুদ্দীন মিয়াজী বলেন, দেশের শত্রুমুক্ত প্রথম জেলা যশোর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবির পক্ষে এই টাউন হল ময়দানের সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তাঁর বক্তব্যে যশোরের মানুষ উজ্জীবিত হয়েছিল। টাউন হল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু ম্যুরাল হয়ে শহর ঘুরে খুলনা বাসস্ট্যান্ডের বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। এ সময় বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ খান টিপু সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদ যশোর ইউনিটের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম ও রাজেক আহমেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, সম্মিলিত সাংস্কৃতি জোট যশোরের সভাপতি হারুন-অর-রশিদ প্রমুখ।