বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো তারুণ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেজে ওঠো-ফড়িঙের রঙে দোয়েলের জীবনে...দুর্জয় তারুণ্যে দুর্নীতি প্রতিরোধে’ স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী প্রথম আলো-টিআইবি তারুণ্য উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেছে চুয়েট ডিবেটিং সোসাইটি (ডিএস)।সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর আটটি বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয় এবং সকাল সাড়ে ১০টায় আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপাচার্য। প্রদর্শনীতে আটটি বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা তাঁদের আলোকচিত্র প্রদর্শন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবদুর রশীদ, ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলাম, সজল চন্দ্র বণিক, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাজ্জাদ হোসাইন, প্রোগ্রাম ব্যবস্থাপক খালেদা আক্তার প্রমুখ। এর আগে একটি আনন্দ শোভাযাত্রা কেন্দ্রীয় মিলনায়তন থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।বিকেল সাড়ে পাঁচটায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, তারুণ্য উৎসবের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুর রশিদ ও ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলাম। সন্ধ্যায় প্রদর্শিত হয় গ্রুপ থিয়েটার মলিয়ের ভদ্দরনোক। এটি রূপান্তর করেছেন গোলাম সারোয়ার এবং থিয়েটারের নির্দেশনায় ছিলেন তড়িৎ কৌশল বিভাগের প্রভাষক আহসানুল হাবিব।তিন দিনব্যাপী এ উৎসবে আটটি স্কুল ও ১৬টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্বে অংশগ্রহণ করছে। এ ছাড়া ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে একটি করে মোট চারটি স্কুলও অংশগ্রহণ করছে।