বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাই উৎসব উদ্যাপিত
রাঙামাটি ও খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মানুষ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত রোববার ও গতকাল সোমবার সাংগ্রাই উৎসব উদ্যাপন করেছে। রাঙামাটি: সাংগ্রাই উৎসব উপলক্ষে গতকাল বেলা ১১টায় রাঙামাটি শহরের আসামবস্তি নারকেল বাগান এলাকায় মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসাস) বর্ষবরণ ও বিদায়ের উৎসব সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী পানি খেলার আয়োজন করে। এতে অন্য আদিবাসী সম্প্রদায়সহ বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ অংশ নেয়।এর আগে পানিখেলা উৎসব ও সাংস্কৃতিক আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবের দিনগুলোতে পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে যায়। এলাকার উন্নয়ন ও শান্তির স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।একই আহ্বান জানিয়ে ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যময়তা চমৎকার। এখানকার মানুষ পরস্পরের ধর্ম, সংস্কৃতি ও ভাষাকে সমঞ্চান করে। মাসাসের উপদেষ্টা চিং কিউ রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংশুই প্রু চৌধুরী। খাগড়াছড়ি: আদিবাসী মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে রোববার পয়লা বৈশাখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মিছিল, ঐতিহ্যবাহী পানি খেলা, পিঠা তৈরির প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব দেখতে আসা অনেক পর্যটক আদিবাসী মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীদের সঙ্গে নেচে-গেয়ে উৎসবটি উদ্যাপন করেন। বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে খাগড়াছড়ির পানখাইয়াপাড়া বটতলা থেকে শোভাযাত্রা শুরু হয়। শাপলা চত্বর, আদালত সড়ক ও হাসপাতাল সড়ক ঘুরে আবার বটতলায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর শুরু হয় বাদ্যের তালে তালে তরুণ-তরুণী, শিশু-কিশোরদের নৃত্য। এ সময় ঐতিহ্য অনুযায়ী নৃত্যরত তরুণ-তরুণীদের শরীরে পানি ছিটিয়ে দেওয়া হয়। পরে তরুণ-তরুণীরা বিভিন্ন দলে ভাগ হয়ে ঐতিহ্যবাহী পানি খেলায় মেতে ওঠেন।