বর্ণাঢ্য বিয়ে উৎসবের আজ শুরু

লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না। আর বিয়ের আয়োজন মানে তো মহাযজ্ঞ। বিয়ের এই আয়োজনে আছে নানা অনুষঙ্গ। বিয়ের প্রায় সব রকম অনুষঙ্গ নিয়ে রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনের ‘পন্ডস-নকশা বিয়ে উত্সব ২০১৬’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উৎসবের আয়োজন করছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’ ও ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডস।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এ বিয়ে উৎসবের মূল বিষয় হলো ‘বিয়ের বাজার দেশেই’। সকাল ১০টায় বিয়ে উৎসবের উদ্বোধন করবেন তারকা দম্পতি রিয়াজ-তিনা ও এলিটা করিম-আশফাক নিপুণ। তারপরই শুরু হবে উৎসবের বর্ণাঢ্য সব আয়োজন।
আজ রাত আটটা পর্যন্ত এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিয়ে উৎসব খোলা থাকবে সবার জন্য। এ আয়োজনের সম্প্রচার সহযোগী বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল টোয়েন্টিফোর দুই দিনই বিয়ে উৎসবের নানা আয়োজন সরাসরি সম্প্রচার করবে।
বিয়েটা নিজের কিংবা আপনজনের, এই শীতেই যাঁদের বিয়ে কিংবা বিয়ের পরিকল্পনা শুরু করেছেন, তাঁরা সবাই আসতে পারেন বিয়ে উৎসবে। বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, গান, গায়েহলুদ, আলোকসজ্জা, অনুষ্ঠানের জায়গা, অনুষ্ঠান আয়োজন প্রতিষ্ঠান, হানিমুনে বেড়ানো ইত্যাদি অনুষঙ্গ সরবরাহকারী এবং বিক্রেতাদের স্টল ও প্যাভিলিয়ন থাকবে এই উৎসবে। সেরা দেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ থাকছে এতে।
বিয়ে উৎসবের মঞ্চে চলবে নানা অনুষ্ঠান৷ বিয়ের ঐতিহ্যবাহী গীত, কাওয়ালি, সানাইয়ের পরিবেশনা থাকবে এই মঞ্চে। আর দিনভর উৎসবে আসা তারকাদের সঙ্গে কথোপকথন তো থাকবেই, থাকবে জনপ্রিয় সংগীতশিল্পীদের গান। আজ বিকেল পাঁচটায় পন্ডস-নকশা বিয়ে উৎসবের মঞ্চে বিয়ের নানান বিষয় নিয়ে দর্শকদের সরাসরি পরামর্শ দেবেন দেশসেরা বিশেষজ্ঞরা৷ এতে উপস্থিত থাকবেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মঞ্চ নির্মাতা মুকিমুল আনোয়ার, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার ও আলোকচিত্রী প্রীত রেজা৷ এটিও সবার জন্য উন্মুক্ত৷
বিয়ে উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘আমাদের ছবিই সেরা’ শীর্ষক নিজেদের বিয়ের আলোকচিত্র প্রতিযোগিতা৷ এখন চলছে এর দ্বিতীয় পর্ব৷ প্রায় দুই হাজার ছবি থেকে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে ২০টি ছবি বাছাই করা হয়েছে৷ এই ২০টি ছবির মধ্যে আপনার চোখে সেরা ছবিটির জন্য ভোট দিতে পারেন আপনিও৷ আজ রাত আটটা পর্যন্ত ভোট দেওয়া যাবে https://poll.fbapp.io/1028458 ঠিকানার ওয়েবসাইটে।