বর্ণিল আয়োজনে নববর্ষ উদ্যাপন
‘এসো হে বৈশাখ এসো, এসো...’ অবিরাম সুরের মুর্ছনা, মঙ্গল শোভাযাত্রা, নাচ, হই-হুল্লোড়, বাঙালির আবহমানকালের বিভিন্ন খাবার, পান্তা-ইলিশ পরিবেশন—সব মিলিয়ে মঙ্গলবার সারা দিন বর্ণিল আয়োজনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বাংলা নববর্ষকে বরণ করতে বরিশালে নানা আয়োজন করা হয়। নগরের সবচেয়ে বড় আয়োজন হয় ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে। বর্ণিল সাজে সজ্জিত হয় অনুষ্ঠানস্থল। সাজসজ্জায় নতুন মাত্রা যোগ করে উদীচী কর্মীদের তৈরি হাতি, সাপ, বিড়াল, মাছ, বক, পায়রাসহ নানা উপকরণ। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় কলেজের তমালতলায় উদীচীর আয়োজনে প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। সকাল সোয়া আটটায় মুক্তিযোদ্ধা সম্মাননা, বন্ধু সংগঠন সম্মাননা, রাখি উৎসব, ঢাক উৎসব ও তিন দিনের উদীচী বৈশাখী মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। এর পর পরই কলেজ প্রাঙ্গণ থেকে উদীচী ও চারুকলার আয়োজনে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
মেহেরপুর: মঙ্গলবার ভোরে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুর-১ আসনের সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে জেলার বিভিন্ন স্কুল-কলেজ, উদীচীসহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়। পরে পৌরসভার আয়োজনে পান্তা ইলিশের আয়োজন করা হয়।
প্রথম আলো বন্ধুসভা সকালে পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করে। ঢাকের আওয়াজ তুলে শোভাযাত্রা পুরো শহর প্রদক্ষিণ করে। পরে পৌর কমিউনিটি সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সাতক্ষীরা: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পালকি, হাতি-ঘোড়া, বাঘ, সাপ নিয়ে শোভাযাত্রা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। পরে সেখানে আলোচনা সভা হয়। সকাল নয়টায় পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকেও শোভাযাত্রা বের করা হয়।
পটুয়াখালী: সকাল আটটায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস ও দুমকি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুষ্টিয়া: সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রলয়সহ বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের লোকজন এতে অংশ নেন। শোভাযাত্রাটি জেলা কালেক্টরেটের বনবীথি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে। এ ছাড়া সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে দিনব্যাপী কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরমেয়র আনোয়ার আলী।
ফরিদপুর: সকালে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ষবরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এ ছাড়া ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ স্কুল, প্রথম আলো বন্ধুসভা, সানরাইজ কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শোভাযাত্রা বের করে। সকাল নয়টায় অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): সকাল ১০টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় পয়লা বৈশাখ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী ও সদস্যসচিব আজু শিকদার এতে নেতৃত্ব দেন। এতে উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।