বর্ণিল আয়োজনে শুভ বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

পাপমুক্তি, সবার মঙ্গল কামনা আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সারা দেশে উদ্যাপিত হয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন।
খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই পবিত্র দিনে বেথলেহেমের এক গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার ব্রত নিয়ে আসা যিশুখ্রিষ্টের জন্মদিন ২৫ ডিসেম্বর উদ্যাপন করে সারা বিশ্বের কোটি কোটি মানুষ।
বড়দিনের উৎসব উদ্যাপন শুরু হয়েছিল বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে। গতকাল রাত পর্যন্ত চলে সেই উৎসব। রাজধানীর গির্জাগুলো সাজানো হয় বর্ণিল আলোতে। তেজগাঁওয়ের হলি রোজারি চার্চ (রানি জপমালার গির্জা), কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল, মিরপুরের ব্যাপ্টিস্ট গির্জা সেজে ওঠে আলোকমালায়।
ভোর থেকেই ভক্তদের ঢল নামে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গির্জাটি হয়ে ওঠে খ্রিষ্টধর্মাবলম্বীদের মিলনমেলা। তাঁরা একে অপরের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। তবে মা-বাবা ও অভিভাবকের হাত ধরে বাহারি বর্ণিল পোশাকে শিশুদের মাঝে ছিল উচ্ছলতা আর বাড়তি আনন্দ। গির্জার প্রধান ফটকেই সান্তা ক্লজ দাঁড়িয়ে ছিলেন তাঁর উপহারের থলে নিয়ে। সেই থলে থেকে একে একে বের হয়ে আসতে থাকে চকলেট, ক্যান্ডিসহ নানা ধরনের মজার মজার উপহার।
বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, বিভিন্ন বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা, খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা। এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি দেশের এই ঐক্যের ঐতিহ্য আরও জোরদার করতে সবার প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের কেক কাটেন। ধর্মমন্ত্রী মতিউর রহমান ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এ সময় উপস্থিত ছিলেন।
বড়দিন উপলক্ষে দেশের সব পাঁচতারা হোটেলে ছিল বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। তৈরি করা হয় প্রতীকী গোশালা ও তুষারমানব, রঙিন কাগজ ও বল দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয় দৃষ্টিনন্দন করে। আর বড়দিনের আবশ্যকীয় অনুষঙ্গ সান্তা ক্লজ তো ছিলই। এর মধ্যে সোনারগাঁও হোটেলে শিশুদের জন্য ছিল মিকি মাউস ও সান্তা ক্লজের সঙ্গে বিশেষ ডিজে পার্টি ও পাপেট শো। সেখানে নাচ, গান ও খাওয়া-দাওয়ার মধ্যে আনন্দঘন সময় কাটায় শিশুরা। সান্তা ক্লজ ও মিকি মাউসের সঙ্গে ছবি তুলে এবং রঙিন কাগজে মোড়া উপহার পেয়ে শিশুরা উচ্ছ্বসিত হয়ে সময় কাটায়।
বড়দিন উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করে জাতীয় দৈনিকগুলো।