বর্ণিল আলোক ছটায় বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিট। পটকা ও আতশবাজির বর্ণিল ছটায় ভরে ওঠে ঢাকার আকাশ, বর্ষবরণ করে নেয় নগরবাসী। প্রতিবছরের মতো এবারও রাজধানীতে বর্ষবরণের কেন্দ্রস্থল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। প্রথম প্রহরে সেখানে ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে আনন্দের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসবে অংশ নেন।
উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে পুলিশ ও র্যা বের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়।
বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকা সন্ধ্যায় পুলিশ বন্ধ করে দিলেও এর আগেই অনেক তরুণ-তরুণী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় তারুণ্যের উচ্ছ্বাস দেখা যায়। কাউকে দেখা যায় আতশবাজি ফোটাতে, অনেকে হাজির হন ঢোল নিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢোকার প্রবেশপথ নীলক্ষেত, দোয়েল চত্বর, চানখাঁরপুল ও পলাশীর মোড়ে নিরাপত্তাচৌকি বসায় পুলিশ। এসব এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীদের শুধু পরিচয়পত্র দেখিয়ে ঢোকানো হয়।
ঢাকার বিভিন্ন অভিজাত হোটেলে নতুন বছর বরণে নানা আয়োজন ছিল। তবে সমাজের নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই সেটি সীমাবদ্ধ ছিল।
রাত আটটার পর গুলশান, বনানী ও কূটনৈতিক এলাকায় ঢোকার জন্য শুধু কাকলিসংলগ্ন সড়কটি খোলা রাখা হয়। সেখানে নিরাপত্তাচৌকি বসিয়ে শুধু ওই এলাকার বাসিন্দাদের ঢুকতে দেওয়া হয়।
গতকাল সন্ধ্যার আগেই নগরের সব বার বন্ধ করে দেওয়া হয়। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।